সিবিএসই দ্বাদশের ফলে বড় ধাক্কা! ৩% কমল পাশের হার, এগিয়ে মেয়েরাই

প্রকাশিত হল সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল। গত বছরের তুলনায় ৩ শতাংশের বেশি কমল পাশের হার, তবে এবারও এগিয়ে মেয়েরাই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল। বুধবার সকালে ফল ঘোষণা করতেই সামনে এল গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। গত বছরের তুলনায় এবার এক ধাক্কায় ৩ শতাংশেরও বেশি কমেছে পাশের হার। ২০২৫ সালে যেখানে পাশের হার ছিল ৮৮.৩৯ শতাংশ, সেখানে এবার তা নেমে দাঁড়িয়েছে ৮৫.২০ শতাংশে। তবে পাশের নিরিখে এবারও ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। দেশের মধ্যে সবচেয়ে বেশি পাশের হার তিরুবনন্তপুরমে, আর সবচেয়ে কম প্রয়াগরাজে।

CBSE সূত্রে জানা গিয়েছে, এ বছর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় মোট নথিভুক্ত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ লক্ষ ৮০ হাজার ৩৬৫ জন। তার মধ্যে পরীক্ষায় বসেন ১৭ লক্ষ ৬৮ হাজার ৯৬৮ জন।

ফলাফলে দেখা যাচ্ছে, মোট ১৫ লক্ষ ৭ হাজার ১০৯ জন পরীক্ষার্থী সফল হয়েছেন। তবে গত বছরের তুলনায় পাশের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

এবারও ফলাফলে মেয়েদের পারফরম্যান্স নজর কেড়েছে। পাশের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে ৬.৭৩ শতাংশ।

অঞ্চলভিত্তিক ফলাফলেও বড় ফারাক দেখা গিয়েছে। দেশের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে তিরুবনন্তপুরম। সেখানে পাশের হার ৯৯.৮৫ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম পাশের হার রেকর্ড হয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। সেখানে সফল হয়েছেন ৭২.৪৩ শতাংশ পরীক্ষার্থী।

কীভাবে দেখা যাবে ফলাফল?

ছাত্রছাত্রীরা CBSE Official Website অথবা CBSE Results Portal-এ গিয়ে নিজেদের ফল দেখতে পারবেন। এছাড়াও DigiLocker এবং UMANG অ্যাপের মাধ্যমেও ফল জানা যাবে।

ফল দেখতে পরীক্ষার্থীদের রোল নম্বর, অ্যাডমিট কার্ড নম্বর, স্কুল নম্বর এবং সেন্টার নম্বর ব্যবহার করতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত