‘দুর্নীতিতে জিরো টলারেন্স’, সিবিআইকে ছাড়পত্র দিয়ে বড় বার্তা শুভেন্দুর

শিক্ষক নিয়োগ, পুরসভা ও সমবায় দুর্নীতি মামলায় সিবিআইকে অনুমতি দিল রাজ্য সরকার। দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ বার্তা শুভেন্দুর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিচ্ছিল বিজেপি সরকার। এবার সেই পথে বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি ঘোষণা করলেন, দীর্ঘদিন আটকে থাকা একাধিক দুর্নীতির মামলায় সিবিআইকে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়ে দিয়েছে রাজ্য সরকার। শিক্ষা, পুরসভা ও সমবায় দফতরের দুর্নীতির তদন্তে যুক্ত আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমতি মিলেছে। একই সঙ্গে শুভেন্দুর স্পষ্ট বার্তা, দুর্নীতির ক্ষেত্রে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতেই চলবে।

শুভেন্দু অধিকারী বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “সিবিআইয়ের চারটি মামলা গত চার বছর ধরে আটকে রাখা হয়েছিল। দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের বিরুদ্ধে চার্জশিট দিতে আইন অনুযায়ী রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন হয়। পূর্বতন সরকার সেই অনুমতি ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছিল।”

মুখ্যমন্ত্রীর দাবি, দুর্নীতিতে অভিযুক্ত আমলাদের বাঁচাতেই এই অনুমোদন দেওয়া হয়নি এতদিন। তিনি জানান, তিনটি গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যেতে ইতিমধ্যেই সিবিআইকে প্রয়োজনীয় ছাড়পত্র পাঠানো হয়েছে।

কোন কোন মামলায় এই অনুমতি দেওয়া হয়েছে, সে প্রসঙ্গেও বিস্তারিত জানান শুভেন্দু। তাঁর কথায়, শিক্ষক নিয়োগ দুর্নীতি, পুরসভার নিয়োগ দুর্নীতি এবং সমবায় দফতর সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশে যে তদন্ত চলছে, সেই সব ক্ষেত্রেই পদক্ষেপের অনুমোদন দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাদের সরকার মানুষের প্রত্যাশা নিয়ে এসেছে। নির্বাচনী প্রচারেও আমরা বলেছিলাম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ইস্তাহারেও প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি ছিল।”

শুভেন্দুর বক্তব্য, এই পদক্ষেপ শুধু শুরু। আগামী দিনে দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা দেখতে পাবেন রাজ্যের মানুষ।

রাজনৈতিক মহলের মতে, ক্ষমতায় আসার পর প্রশাসনিক স্তরে দুর্নীতির বিরুদ্ধে যে কড়া বার্তা দিতে চাইছে নতুন সরকার, এই সিদ্ধান্ত তারই গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত