নজরবন্দি ব্যুরোঃ শেষযাত্রায় শঙ্খ ঘোষ, তোপধ্বনি ছাড়াই রাষ্ট্রীয় মর্যাদায় শুরু হল কবির শেষকৃত্য। ১৯৩২ থেকে ২০২১। এতো দীর্ঘ সময়ে বাংলা সাহিত্যকে আগলে রেখেছিলেন তিনি। সমৃদ্ধ করেছেন নিজের কলম দিয়ে। কবির জন্ম অবিভক্ত বাংলার চাঁদপুরে, সালে। আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। সেখান থেকে বাংলা সাহিত্যের অভিভাবক। বাংলা সাহিত্যের ছাত্র, পেশায় অধ্যাপক। ঘুরেছেন দেশ বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে। আজ পাড়ি দিয়েছেন অজানার দেশে। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি। বয়স হয়েছিল ৮৯ বছর।
আরও পড়ুনঃ মমতা উত্তর দিলেই আর কংগ্রেসের হয়ে চাইবেন না ভোট, সাফ জানালেন অধীর।


কবি শঙ্খ ঘোষের মরদেহ নিয়ে শুরু হয়েছে শেষযাত্রা। শেষযাত্রায় শঙ্খ ঘোষ, নিমতলা মহাশ্মশানে তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছে। নিমতলায় অন্ত্যেষ্টিক্রিয়া শুরুর আগে কবির ভাই নিত্যপ্রিয় ঘোষের সল্টলেকের বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হয়। তার পর সেখান থেকেই নিমতলায় উদ্দেশে রওনা হয় কবির দেহবাহী শকট। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার কবিকে শেষ সম্মান জানানো হলেও ‘গান স্যালুট’ বাদ রাখা হচ্ছে। কারণ, তোপধ্বনি পছন্দ করতেন না কবি। পাশাপাশি, কবির পরিবারের ইচ্ছানুযায়ী আড়ম্বরহীন ভাবেই তাঁকে শেষ সম্মান জানানো হবে বলেও জানিয়েছে রাজ্য প্রশাসন।
শঙ্খ ঘোষ বাংলা সাহিত্য জগতকে সমৃদ্ধ করেছেন নিজের লেখনীর মাধ্যমে। দীর্ঘ সাহিত্যজীবনে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন। ১৯৭৭ সালে ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থটির জন্য তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার পান। ১৯৯৯ সালে কন্নড় ভাষা থেকে বাংলায় ‘রক্তকল্যাণ’ নাটকটি অনুবাদ করেও সাহিত্য অকাদেমি পুরস্কার পান তিনি। এ ছাড়াও রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন লেখনীর কারণে। ২০১১ সালে তাঁকে পদ্মভূষণে সম্মানিত করে তত্কালীন কেন্দ্রীয় সরকার।
বিভিন্ন সময়ে সময়োপযোগী একাধিক রচনার কারণে রাষ্ট্রের রোষের মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে কখনোই থামিয়ে দেওয়া যায়নি তাঁর কলমকে। এবার সবকিছুকে থামিয়ে দিয়ে চলে গেলেন তিনি। শক্তি-সুনীল-শঙ্খ-উত্পল-বিনয়, জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার হাল ধরেছিলেন তাঁরা। তাঁদের লাইন জুড়ে ছড়ানো স্বপ্ন কুড়িয়ে বেঁচে থেকেছে হাজার হাজার মানুষ। সেই স্বপ্নের, ভাবনার কারিগরদের বাকি চার জন চলে গিয়েছিলেন আগেই। ছিলেন শুধু একজন। আজ চলে গেলেন শঙ্খবাবুও।









