রবিবারের জনগর্জন সভা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানে নেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহের নাম। ব্যারাকপুর কেন্দ্রে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে টিকিট দিয়েছে তৃণমূল। আর টিকিট না পেয়েই কিন্তু বিস্ফোরক বয়ান দিলেন অর্জুন সিংহ।
আরও পড়ুন: বালুরঘাটে নির্বাচনী প্রচার শুরু সুকান্তর, ‘বৃদ্ধ’ বিপ্লবকে হারাবোই! আশাবাদী বিজেপি সাংসদ


ঠিক এরকমই, ২০১৯ সালে লোকসভার টিকিট না পেয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন অর্জুন সিংহ। ভোটে পদ্ম প্রতীকে লড়ে জিতেও যান তিনি। যদিও এরপর মত বদলান অর্জুন এবং ফিরে আসেন প্রাক্তন দল তৃণমূলেই। যদিও আসন্ন লোকসভায় সেই অর্জুনকেই টিকিট না দিয়ে পার্থ ভৌমিককে টিকিট দিল তৃণমূল। আর এই সিদ্ধান্তে একাবারেই খুশি নন তিনি। কানাঘুষো শোনা যাচ্ছে, তিনি ফের একবার বিজেপিতে যোগ দিতে পারেন।

রবিবার প্রার্থী তালিকা প্রকাশের পরেই অর্জুন বলেন, “আমি আশা করেই তৃণমূলেই ফিরেছিলাম। আমাকে ব্যারাকপুরের বাইরে দাঁড়াতে বলা হয় কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব নয়।” নতুন প্রার্থী পার্থ ভৌমিক সম্পর্কে সোমবার অর্জুন বলেন, “পার্থ এখন অনেক বড় নেতা হয়ে গিয়েছে। আগামীকাল আমার সঙ্গে দেখা করতে আসবে।”



তৃণমূলে ফিরে ভুল হয়েছে, লোকসভার টিকিট না পেয়ে ‘মুখভার’ অর্জুনের!
প্রসঙ্গত, প্রার্থী তালিকা ঘোষণার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাদের টিকিট দেওয়া হয়নি তাঁদের জন্য অন্য ব্যবস্থা থাকছে। অর্থাৎ, কাউকে কাউকে বিধায়ক করা হতে পারে বা দলের সাংগঠনিক স্তরের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে। সূত্রের খবর,অর্জুনের সাথে যোগাযোগ করে কথা বলবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এখন, অর্জুন কী করেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।








