গত ৯ অগস্ট আরজি কর হাসপাতাল ও মেডিক্যাল কলেজের চারতলার সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের পর জানা যায়, ধর্ষণ করে খুন করা হয়েছে চেস্ট মেডিসিন বিভাগের ওই চিকিৎসককে। এই মুহূর্তে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। উত্তাল গোটা দেশ। প্রায় ২২ দিন পার হয়ে গেলেও ন্যায্য বিচারের দাবিতে প্রতিদিনই রাজপথে মিছিল বেরোচ্ছে। আজ, রবিবারও শহরের উত্তর থেকে দক্ষিণে একাধিক মিছিলের ডাক দিয়েছে নাগরিক সমাজ।
রবিবার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে এবং ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে পথে নামলেন টলিউডের অভিনেতা ও অভিনেত্রীদের একাংশ। ‘আমরা তিলোত্তমা’ ব্যানারে মিছিল করলেন কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত। মিছিলে হাঁটলেন অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তী, সৃজিত মুখ্যোপাধ্যায় প্রমুখ।


আরজি কর ইস্যুতে সেই কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষ ব্যাতীত এখনও পর্যন্ত সিবিআই-এর হাতে কেউ গ্রেফতার হয়নি। দ্রুত তদন্ত শেষের দাবিতে সরব চিকিৎসক মহল। যদিও কেন্দ্রীয় এজেন্সির ওপরেই ভরসা রাখতে চাই অপর্ণা সেন। তিনি এদিন বলেছেন, “আমি আশাহত হইনি। এখনও আশাবাদী। তার কারণ, এই ধরণের ইস্যুতে তদন্তের ক্ষেত্রে সময়ের প্রয়োজন হয়। আসল তদন্তটা তো শুধু সঞ্জয় রায়কে নিয়ে নয়, আসল তদন্ত হচ্ছে, এই আঁতাঁতটা নিয়ে। আর এই আঁতাতটা ভাঙার জন্য যে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাতে আমি খুশি।”
অন্যদিকে, স্বস্তিকা মুখ্যোপাধ্যায় বলেন, “যারা ক্ষমতায় আছেন, তাঁদের ওপরেই আমাদের ভরসা রাখতে হবে বিচারের জন্য। আমরা তো গণতন্ত্রের মধ্যে থাকি। সরকারের দায়িত্ব আমাদের বিচার এনে দেওয়া।” অভিনেত্রী চৈতি ঘোষাল বলেন, “সেলেব্রিটি নয়, মিছিলে সাধারণ মানুষ হিসাবে যোগ দিয়েছি।” রূপান্তরকামীরাও এই মিছিলে যোগ দেন। দেখা যায় শিশুদেরও।







