ভোটের মুখে চমকপ্রদ মন্তব্য! অমিত শাহ-এর মুখে বামপন্থীদের প্রশংসা ঘিরে নতুন করে সরগরম বঙ্গ রাজনীতি। তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে গিয়ে তিনি দাবি করলেন—বর্তমান শাসনের তুলনায় বামফ্রন্টের সময়ই ছিল ভাল!
শনিবার কলকাতায় বিজেপির চার্জশিট প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। দুর্নীতি, সিন্ডিকেট রাজ, নারীদের বিরুদ্ধে অপরাধ এবং অনুপ্রবেশকারীদের প্রশ্রয়—এই সব ইস্যুতে সরব হন তিনি।
এই প্রসঙ্গেই বিস্ফোরক মন্তব্য করে শাহ বলেন, “বাংলার মানুষ এখন মনে করছেন, তৃণমূলের শাসনের থেকে বামপন্থীদের আমলই ভালো ছিল।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা।
শাহ আরও অভিযোগ করেন, “সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে হিংসা ও অরাজকতার পরিবেশ তৈরি করা হয়েছে। অনুপ্রবেশকারীদের রক্ষা করা হচ্ছে, সিন্ডিকেটের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি, তোষণ রাজনীতি চলছে।”
এদিন তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে বাংলার মানুষকে “ভয়” এবং “ভরসা”—এই দুইয়ের মধ্যে বেছে নিতে হবে। তাঁর মতে, বিজেপিই সেই ভরসার প্রতীক।
একই সঙ্গে অমিত শাহ দেশের অন্যান্য রাজ্যে বিজেপির সাফল্যের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ২০১৪ সালের পর জম্মু ও কাশ্মীর, অসম, মণিপুর, হরিয়ানা ও ওড়িশার মতো রাজ্যে বিজেপি প্রথমবার ক্ষমতায় এসেছে। এবার “অঙ্গ, বঙ্গ ও কলিঙ্গ”—এই তিন অঞ্চলেও বিজেপি সরকার গড়বে বলেই দাবি তাঁর।
শেষে আত্মবিশ্বাসী সুরে শাহ বলেন, “আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, বিজেপি বাংলায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে।”



