নজরবন্দি ব্যুরো: শনিবার মেদিনীপুরে সভা রয়েছে অমিত শাহের। আর এদিনের সভাকে ঘিরে পাখির চোখ করে রয়েছে গোটা রাজনৈতিক মহল। তিনি দু’দিনের বাংলা সফরে আসছেন। ইতিমধ্যেই শুক্রবার রাতে কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাত সাড়ে ১১টা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছনোর কথা থাকলেও বিমানে বিভ্রাটের কারণে রাত দেড়টা বেজে যায় কলকাতায় পৌঁছতে।
আরও পড়ুন: ‘বাংলায় গণতন্ত্র থাকবে কিনা এটাই প্রশ্ন,’ মুকুল রায়।


প্রথমে ঠিক ছিল বিএসএফের বিমানে তিনি কলকাতায় আসবেন। তাতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি থেকে কলকাতায় আসেন। এদিকে তাকে স্বাগত জানাতে বিজেপি সমর্থকেরা উপস্থিত ছিলেন। কৈলাস বিজয়বর্গীয়র মতো কেন্দ্রীয় বিজেপি নেতাদেরও সেখান দেখা গিয়েছে। বিমানবন্দর থেকে অমিত শাহ সোজা চলে যান নিউটাউনের এক হোটেলে। আগামী দু’দিন ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর টুইট অনুযায়ী, শনিবার সকাল সওয়া ১০টা নাগাদ স্বামী বিবেকানন্দের উত্তর কলকাতার জন্মভিটেতে যাবেন তিনি। সেখানে মূর্তিতে মালা দেবেন। তার আগে সকালে নিউটাউনের হোটেলেই কেন্দ্রীয় তদন্ত এজেন্সি, এনআইএ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে সোজা চলে যাবেন বিমানবন্দরে। এর পর বায়ুসেনার হেলিকপ্টারে রওনা দেবেন মেদিনীপুরে। মেদিনীপুরের একটি মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে। এরপর দুপুরে এক কৃষকের বাড়িতে খাওয়া-দাওয়া সেরে বেলা আড়াইটের সময় যাবেন মেদিনীপুর কলেজিয়েট ময়দানে। সেখানেই জনসভা রয়েছে অমিত শাহের।
আজ মেদিনীপুরে অমিত শাহের জনসভা, যোগ দেবেন শুভেন্দু বন্দ্যোপাধ্যায়?


এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সভার দিকে গোটা বাংলার রাজনৈতিক মহলের নজর থাকবে। শুভেন্দু অধিকারী-সহ শাসকদলের একাধিক বিধায়ক ও নেতা এই সভায় আনুষ্ঠানিক ভাবে গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন বলে ধারণা। প্রসঙ্গত, অমিত শাহের এই সফরের আগে তৃণমূলে ভাঙন ধরে। শুভেন্দু অনুগামী একাধিক নেতা দল ছেড়ে বেরিয়ে যান।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



