নজরবন্দি ব্যুরোঃ আগের থেকে অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছেন সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখ্যোপাধ্যায়। স্থিতিশীল হলেও কাটছে না সঙ্কট, এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। নতুন করে কোনও শারীরিক সমস্যা না দেখা গেলেও শরীরের রক্তচাপ আগের থেকে অনেকটাই কম।
আরও পড়ুনঃ স্বাস্থ্যের অবনতি সুরজিতের, শরীরে বেড়েছে করোনার সংক্রমণ


হাসপাতাল সূত্রে খবর, এখনও অবধি সম্পূর্ণ করোনামুক্ত নন তিনি। প্রতিদিন ৩ লিটার করে প্রয়োজন হচ্ছে অক্সিজেনের। তবে সেই পরিমাণ আগের থেকে অনেকটা কম লাগছে বলে জানা গিয়েছে। রক্তচাপ সঠিক করতে চিন্তিত চিকিৎসকরা। যে মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে সন্ধ্যা রয়েছেন, তাতে রয়েছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ, ফুসফুস বিশেষজ্ঞ। রয়েছেন নেফ্রোলজি, অর্থোপেডিক্স, পালমনোলজি বিভাগের চিকিৎসকেরা।
গত ২৭ জানুয়ারি গীতশ্রী সন্ধ্যা মুখ্যোপাধ্যায়ের শারীরিক অবনতি হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করার উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তাঁর উদ্যোগেই বর্ষীয়ান সঙ্গীতশিল্পীর চিকিৎসার জন্য অ্যাপোলো হাসপাতালে ভর্তি করার উদ্যোগ নেন মুখ্যমন্ত্রী নিজেই।
স্থিতিশীল হলেও কাটছে না সঙ্কট, করোনা কাটলেই শুরু হবে চিকিৎসা



কিছুদিন আগেই বাথরুমে পড়ে যাওয়ার কারণে কোমরে আঘাত পান তিনি। এছাড়া বেশ কিছুদিন ধরে তাঁর শরীরে নিউমোনিয়ার প্রভাব ছিল। তার ওপর ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সমস্যা দেখা দেয়। একমাত্র কোভিড মুক্ত হলেই তাঁর হৃদপিণ্ড এবং ফুসফুসের চিকিৎসা শুরু করা হবে।







