দীর্ঘ কয়েক মাস ধরে সংস্কারের কাজের জন্য বন্ধ ব্লু লাইনের দক্ষিণ প্রান্তিক স্টেশন কবি সুভাষ। ফলে দমদম বিমানবন্দর থেকে দক্ষিণ কলকাতায় পৌঁছনো নিয়ে ভোগান্তিতে পড়েছিলেন বহু মেট্রোযাত্রী। অবশেষে সেই সমস্যার আংশিক সমাধান হতে চলেছে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর, সোমবার থেকে দমদম বিমানবন্দর বা জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে সরাসরি শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হচ্ছে। এই পরিষেবা আপাতত পরীক্ষামূলকভাবে শুরু করা হচ্ছে।


কীভাবে চলবে নতুন পরিষেবা
মেট্রোর তরফে জানানো হয়েছে, সোমবার থেকে শুক্রবার— সপ্তাহে পাঁচ দিন এই রুটে দুটি সরাসরি মেট্রো চালানো হবে।
সকালের প্রথম জয়হিন্দ–শহিদ ক্ষুদিরাম মেট্রো ছাড়বে সকাল ৯টা ৩৬ মিনিটে। ট্রেনটি নোয়াপাড়া হয়ে ব্লু লাইনের সমস্ত স্টেশন অতিক্রম করে পৌঁছবে শহিদ ক্ষুদিরামে।
রাতে দ্বিতীয় মেট্রোটি ছাড়বে রাত ৯টায়।



যাত্রীদের কী সুবিধা হবে
এতদিন ইয়েলো লাইনের জয়হিন্দ বা বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়া পর্যন্ত এসে যাত্রীদের মেট্রো বদলাতে হত। নতুন ব্যবস্থায় সেই ঝঞ্ঝাট অনেকটাই কমবে। দিনে অন্তত দু’টি ট্রেনে যাত্রীরা একবারে উত্তর থেকে দক্ষিণ কলকাতার গুরুত্বপূর্ণ স্টেশন পর্যন্ত পৌঁছতে পারবেন।
তবে আপাতত উলটো দিক, অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে সরাসরি বিমানবন্দরগামী মেট্রো চালু হচ্ছে কি না, সে বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ কিছু জানায়নি।
মেট্রো সূত্রে আরও জানা গিয়েছে, কবি সুভাষ স্টেশনের সংস্কার কাজ শেষ হলে ভবিষ্যতে বিমানবন্দর থেকে ব্লু লাইনের চূড়ান্ত স্টেশন পর্যন্ত সম্পূর্ণ সরাসরি পরিষেবা চালুর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



