নজরবন্দি ব্যুরোঃ ভোট মরশুমে শাসক-বিরোধী সব দলের মধ্যেই চলছে আকথা কুকথার ফুলঝুরি। যা নিয়ে এর মধ্যেই অনেক আলোচনা হয়েছে রাজ্যে। কিভাবে এই কুকথার রাজনীতি থেকে মুক্তি পায় নেতা থেকে সাধারণ মানুষ। এই সব আলোচনা যখন চলছে ঠিক তখনি আবার বিতর্কিত কথা বলে আলোচনার কেন্দ্রবিন্দু হলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নীকে আক্রমণ করেন অগ্নিমিত্রা।


বলেন, ”উনি তো রাজনীতি জানেন না। কারণ, এত দিন উনি সিনেমা করে এসেছেন। এর পর ২ মে ফলাফল বেরনোর পর হয়তো কন্ডোমের দোকান খুলবেন বা অন্য কোনও পেশায় যাবেন বা সিনেমাটাই করবেন। উনি জানেন না আসানসোলের সাংসদ, বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, অন্যান্য সাংসদ, বিধায়ক যাঁরা রয়েছেন, তাঁদের কাজ করতে দেওয়া হয়নি। এমনকি করোনা পর্বে ত্রাণ দিতে গেলেও বাধা দেওয়া হয়েছিল।” আর অগ্নিমিত্রার এই মন্তব্যের পর পাল্টা দিতে ছাড়েননি তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
তিনি বলেন, ”অমি ওঁর স্তরে নামতে পারব না। উনি যে কথাগুলো বলছেন তার মধ্যে দিয়ে ওঁর পরিচয়, ওঁর বংশপরিচয়, উনি কী ভাবে বড় হয়েছেন, তা প্রকাশ পাচ্ছে। উনি তো আমাকে ‘বাচ্চা’, ‘বাচ্চা’ বলতেন। কিন্তু উনি আমার থেকে এত বড় হয়ে নিম্নরুচির পরিচয় দিয়েছেন।” ফলে এই সব কথা যে রাজ্য রাজনীতির একটা অঙ্গ হয়ে উঠেছে সেটা আর নতুন করে বলার দরকার পরে না।







