নজরবন্দি ব্যুরোঃ বড়োদিনের উৎসবে মাতোয়ারা গোটা বিশ্ব। কিন্তু এর মাঝেও খুব একটা স্বস্তিতে নেই বিশ্ববাসী। বর্তমানে চীনের কোভিড সংক্রমনের বাড়বৃদ্ধি গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ভারতেও পাওয়া গেছে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট। এর মাঝেই উৎসব মুখর ভারতের কোভিড সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। মাস্ক না পরেই পথে নেমেছে মানুষের ঢল। সচেতনতা বৃদ্ধিতে জোর দিয়েছে কেন্দ্র, তবে সংক্রমন বাড়লে লকডাউন একমাত্র পন্থা বলে জানিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃ করোনার চোখ রাঙানি এড়িয়ে বড়দিনের উৎসবে মাতছে বাংলা, লাল-সাদা টুপি আর কেকের আমেজ শহরে
দেশে কোভিডের বিস্ফোরণ ঠেকাতে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবারও মাস্ক, স্যানিটাইজার ব্যবহারে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এমন বিবৃতি দিয়েছে কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে একটি বৈঠকের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর মঙ্গলবার দেশের সমস্ত হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে মহড়া হবে। কোভিড ঠেকাতে দেশ কতটা প্রস্তুত, তা বোঝা যাবে এই মহড়া থেকে। বলা যেতে পারে, কোভিড যুদ্ধে অস্ত্রে শান দিতে চলেছে দেশ।

কোভিডের বাড়বাড়ন্ত হলে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পর্যাপ্ত অক্সিজেন এবং আইসিইউ বেডের ব্যবস্থা আছে কি না সেটি খতিয়ে দেখা হবে। প্রত্যেকটি হাসপাতালে প্রয়োজনীয় পরিকাঠামো ও স্বাস্থ্যকর্মী আছে কিনা বিষয়টি তদারকি করে দেখবে স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যেই মহড়া সংক্রান্ত চিঠিতে স্বাক্ষর করেছেন স্বাস্থ্যসচীব।
উৎসবের পরেই লকডাউন! সিঁদুরে মেঘ দেখছে ভারত?

চিনে সম্প্রতি ভয়াবহ আকার নিয়েছে করোনার নতুন উপরূপ বিএফ.৭। প্রতি দিন লক্ষ লক্ষ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে নেই পর্যাপ্ত বেড, শ্মশান উপচে পরছে কোভিডে মৃতদের ভিড়ে। রীতিমতো সিঁদুরে মেঘ দেখছে ভারত?



