আরজি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণ কাণ্ডের প্রতিবাদের ঝড় উঠেছে সারা দেশ জুড়েই। বিচার চেয়ে পথে নেমেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরাও। একই সাথে সমাজ মাধ্যমেও উঠেছে প্রতিবাদের ঝড়। কিন্তু এই আবহেই এবার সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদের কণ্ঠরোধের অভিযোগ তুলল অভিনেত্রী মোক্ষা। অভিযোগ, সমাজ মাধ্যমে তিনি আরজি কর ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন। সোমবার তিনি একটি ফেসবুক লাইভ করেন। কিন্তু সেই লাইভের পরেই ফেসবুক থেকে তার সেই পোস্ট রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে অভিনেত্রী মোক্ষা বার বার অরাজনৈতিক প্রতিবাদে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন। আর সেই মতই সোমবার এই ঘটনার প্রতিবাদে একটি ফেসবুক লাইভে সরব হন। সেই লাইভ টি তার ফেসবুক থেকে রেস্ট্রিক্টেড করে দেওয়ার অভিযোগ করেন। তার পরেই তিনি এই ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিজের এক্স হ্যান্ডেলে ট্যাগ করে সাহায্যের অনুরোধ করেন। আর তারপরেই সেই পোস্টটি আবার পুনরায় ফিরে আসে।


এ প্রসঙ্গে এদিন তিনি বলেন,”যত আমরা চেষ্টা করছি জাস্টিসের কাছে পৌঁছনোর তত অসুরেরা বাড়ছে। আর তত আমাদেরকে কাঁকড়ার মতো মাটিতে ফেলে দিচ্ছে। অনেক ফেক প্রফাইল ক্রিয়েট করা হচ্ছে কোন একটা দলের আইটিসেল থেকে। আমার লাইভটি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। তাই আমার মনে হল সুপ্রিম কোর্টের পর আমরা সাহায্যের জন্য একমাত্র রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছেই যেতে পারি। তাই ওনাদের আমি ট্যাগ করে টুইট করেছি। তারপর ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই আবার খুলে গেল।”







