অভিষেক আতঙ্কে নিউ জিল্যান্ড, বিশাখাপত্তনমে একাধিক বদলের পথে সূর্যকুমাররা

টি-টোয়েন্টি সিরিজ় জেতার পর বিশাখাপত্তনমে পরীক্ষা-নিরীক্ষার পথে ভারত। সঞ্জুকে নিয়ে চিন্তিত নয় টিম ম্যানেজমেন্ট, অভিষেক শর্মাকে থামাতে হিমশিম নিউ জ়িল্যান্ড।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গুয়াহাটিতেই টি-টোয়েন্টি সিরিজ় জয়ের কাজ সেরে ফেলেছে ভারত। ফলে বুধবার বিশাখাপত্তনমে চতুর্থ ম্যাচ কার্যত পরিণত হতে চলেছে পরীক্ষা-নিরীক্ষার মঞ্চে। বিশ্বকাপের আগে দল গঠনের শেষ ধাঁধা মেলানোর সুযোগ পাচ্ছে ভারতীয় শিবির। সেই কারণেই সূর্যকুমার যাদবদের প্রথম একাদশে একাধিক বদল দেখা যেতে পারে বলে ইঙ্গিত মিলছে।

ভারতীয় দলে সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে সঞ্জু স্যামসনের ফর্ম। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি-টোয়েন্টিতে তাঁর রান ১০, ৬ এবং ০। নিয়মিত ওপেনার ও উইকেটরক্ষক হিসেবে সঞ্জুর ধারাবাহিক ব্যর্থতা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে। তবে ভারতীয় শিবিরে বিষয়টি নিয়ে কোনও আতঙ্ক নেই।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল সাফ জানিয়ে দেন, সঞ্জুকে নিয়ে উদ্বিগ্ন নন তাঁরা। মর্কেলের কথায়,
“একটা ভাল ইনিংসই সঞ্জুকে চেনা ফর্মে ফিরিয়ে আনবে। ফর্ম সাময়িক—আমরা সবাই জানি। বিশ্বকাপের আগে প্রস্তুতির পর্যায়ে আছি। আসল সময়ে সেরা ফর্মে থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনুশীলনে সঞ্জু খুব পরিশ্রম করছে। আমার বিশ্বাস, যে কোনও ম্যাচেই ও বড় রান করবে।”

ভারতীয় শিবিরে স্বস্তি থাকলেও উল্টো ছবি নিউ জ়িল্যান্ড শিবিরে। কিউয়িদের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম এখন অভিষেক শর্মা। সিরিজ়ের প্রথম তিন ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ২৭১.৪২—যা কার্যত নিউ জ়িল্যান্ড বোলারদের অসহায় করে তুলেছে।

নিউ জ়িল্যান্ডের বোলিং কোচ জ্যাকব ওরাম কার্যত স্বীকারই করে নিয়েছেন অভিষেককে থামানোর উপায় খুঁজে পাচ্ছেন না তাঁরা। তাঁর বক্তব্য,
“ওকে থামানো খুবই কঠিন। স্ট্রাইক রেটটাই সব বলে দিচ্ছে। মারতে শুরু করলে ওর ব্যাটিংয়ে কোনও স্পষ্ট দুর্বলতা খুঁজে পাওয়া যায় না। পরিকল্পনা করাও কঠিন। আর ক্রিকেটে সবচেয়ে কঠিন কাজই হল পরিকল্পনাকে মাঠে কার্যকর করা।”

বুধবারের ম্যাচেও ভারতের ওপেনিং জুটিতে বদলের সম্ভাবনা কম। অভিষেক শর্মার সঙ্গে ওপেন করবেন সঞ্জু স্যামসন। তিন নম্বরে নামবেন ঈশান কিশন। চার নম্বরে অধিনায়ক সূর্যকুমার যাদব। পাঁচ নম্বরে থাকতে পারেন শ্রেয়স আয়ার

সিরিজ় জেতা হয়ে যাওয়ায় এই ম্যাচে সম্ভবত বিশ্রাম দেওয়া হতে পারে হার্দিক পাণ্ড্য-কে। ছয় নম্বরে নামবেন শিবম দুবে। সাত নম্বরে রিঙ্কু সিং-এর খেলা নিয়ে কোনও প্রশ্ন নেই।

বোলিং বিভাগে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দলে ফিরতে পারেন বরুণ চক্রবর্তী। তিনি খেলতে পারেন কুলদীপ যাদব-এর জায়গায়। আগের ম্যাচে ভাল পারফর্ম করা রবি বিষ্ণোই সম্ভবত থাকবেন একাদশে। পেস আক্রমণের দায়িত্ব সামলাবেন অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরাহ। এই ম্যাচে বিশ্রাম পেতে পারেন হর্ষিত রানা

সব মিলিয়ে, সিরিজ় জিতলেও বিশাখাপত্তনমে ভারতের নজর থাকবে ভবিষ্যৎ কম্বিনেশনে। আর নিউ জ়িল্যান্ডের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ—অভিষেক শর্মাকে থামানো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত