‘আকাশে-বাতাসে আমি’—কমিশন-শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

উস্তির সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপ, পুলিশ বদলি ইস্যুতে কমিশন-বিজেপির আঁতাঁতের অভিযোগ—‘৪ তারিখ দেখা হবে’ চ্যালেঞ্জ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দ্বিতীয় দফার ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার উস্তির সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-কে নিশানা করে তিনি বলেন, “আকাশে-বাতাসে সর্বত্রই আমি রয়েছি, পালাবে কোথায়? সব ফাঁস করে দিয়েছি।”

ডায়মন্ড হারবার পুলিশ জেলায় পাঁচ পুলিশ অফিসার বদলকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই পদক্ষেপের প্রেক্ষিতেই কমিশন ও বিজেপির মধ্যে ‘গোপন আঁতাঁত’-এর অভিযোগ তোলেন অভিষেক। তাঁর দাবি, প্রশাসনিক বদলির মাধ্যমে তাঁকে চাপে ফেলার চেষ্টা চলছে। সেই প্রসঙ্গেই তিনি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “চার তারিখ দেখা হবে।”

সভামঞ্চ থেকে তিনি আরও অভিযোগ করেন, কিছু বৈঠক ও সিদ্ধান্ত গোপনে নেওয়া হলেও তা তাঁর নজর এড়ায়নি। তাঁর কথায়, “চুরি হয়েছে, আর সেটা ধরার পরই অফিসারদের বদলি করা হয়েছে।” কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে রাজনৈতিক লড়াইয়ের অভিযোগও তোলেন তিনি।

একইসঙ্গে প্রথম দফার ভোটে তৃণমূলের সাফল্যের দাবি করে অভিষেক বলেন, দল ইতিমধ্যেই ‘সেঞ্চুরি’ করেছে। দ্বিতীয় দফায় দক্ষিণ ২৪ পরগনাই “শেষ পেরেক” পুঁতবে বলেও দাবি তাঁর।

ব্যক্তিগত আক্রমণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁকে এবং তাঁর পরিবারকে নানা ভাবে নিশানা করা হয়েছে, কিন্তু তবুও তিনি মাথানত করেননি।

এদিন ফলতায় রোড শো-ও করেন তিনি। সেখানে আরও একধাপ এগিয়ে কমিশনের এক পর্যবেক্ষককে ঘিরে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন অভিষেক।

অন্যদিকে, আই এস এফ-কে ‘বিজেপির বি-টিম’ বলেও কটাক্ষ করেন তিনি। দলের নেতা নওশাদ সিদ্দিকীকে সরাসরি প্রশ্ন ছুড়ে দেন—বিজেপির সঙ্গে কোনও ‘ডিল’ হয়েছে কি না।

সব মিলিয়ে, ভোটের আগে উস্তির সভা থেকে অভিষেকের আক্রমণাত্মক বার্তা রাজ্যের রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত