১ লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠনের ঘোষণা দিলীপ ঘোষের, গ্রামীণ অর্থনীতিতে বড় বাজি রাজ্যের

ব্যারাকপুরের কৃষক সম্মেলন থেকে বড় ঘোষণা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। চলতি বছরেই রাজ্যে আরও ১ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী গঠনের পরিকল্পনা, জোর পাটশিল্প ও কর্মসংস্থানে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলতে রাজ্যে আরও ১ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী গঠনের ঘোষণা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ব্যারাকপুরে আয়োজিত কৃষক সম্মেলনের মঞ্চ থেকে এই মেগা ঘোষণা করেন তিনি। পাটচাষের উন্নয়ন, কৃষকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মন্ত্রী।

কেন্দ্রীয় পাট ও তন্তু গবেষণা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ওই সম্মেলনে কৃষক, ভাগচাষি এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যোগ দেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তুভ বাগচি, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া এবং গবেষণা কেন্দ্রের নির্দেশক ড. গৌরাঙ্গ কর-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

দিলীপ ঘোষ জানান, চলতি বছরের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও এক লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে। তাঁর দাবি, এর ফলে গ্রামীণ এলাকার মহিলাদের হাতে নতুন আয়ের সুযোগ তৈরি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।

পাটশিল্পের সম্ভাবনার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, আগামী দিনে পাটের উৎপাদন বাড়ানোর পাশাপাশি পাটজাত উন্নতমানের পণ্য তৈরির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আন্তর্জাতিক বাজারে পাটজাত পণ্যের চাহিদা বৃদ্ধির সুযোগকেও কাজে লাগাতে চায় সরকার।

অনুষ্ঠানে পাটজাত বিভিন্ন রপ্তানিযোগ্য সামগ্রীর একটি প্রদর্শনীর উদ্বোধন করেন দিলীপ ঘোষ। প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি তিনি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের উৎপাদন ও বিপণন সংক্রান্ত অভিজ্ঞতার খোঁজ নেন।

পরে কৃষকদের হাতে উন্নতমানের পাটবীজ ও কৃষি উপকরণ তুলে দেওয়া হয়। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজের উপর জোর দিয়ে কৃষকদের আরও বেশি পাটচাষে উৎসাহিত করার বার্তাও দেওয়া হয় সম্মেলন থেকে।

মন্ত্রী দাবি করেন, দীর্ঘদিন পর রাজ্য ও কেন্দ্রের সমন্বয়ে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে। কৃষি, পাটশিল্প এবং স্বনির্ভর গোষ্ঠীকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই সরকার কাজ করছে বলে তিনি জানান। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পনা বাস্তবায়িত হলে তা গ্রামীণ কর্মসংস্থান ও মহিলা স্বনির্ভরতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন