তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে FIR, পৈলানের বাগানবাড়িতে তল্লাশি

হুমকির ভিডিও ঘিরে বিতর্কের জেরে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। পৈলানের বাগানবাড়িতে তল্লাশি পুলিশের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হুমকির অভিযোগে বিতর্কে জড়ানো তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল–এর বিরুদ্ধে দায়ের হল FIR। সেই মামলার তদন্তে বৃহস্পতিবার পৈলানে তাঁর বাগানবাড়িতে পৌঁছয় রাজ্য পুলিশ। সঙ্গে ছিল র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনীও। তল্লাশি অভিযানে গিয়ে প্রাক্তন পরিবহণ প্রতিমন্ত্রীর বিলাসবহুল বাড়ির একাধিক দিক দেখে বিস্মিত হয়ে যান পুলিশকর্মীদের একাংশ বলেই সূত্রের খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিলীপ মণ্ডলের বিরুদ্ধে ইতিমধ্যেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগ, ভোটের ফলপ্রকাশের পরেও প্রকাশ্যে হুমকিমূলক ভাষণ দেন তিনি। সেই ভিডিও সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়।

এর পরেই তদন্তের অংশ হিসেবে পৈলানে তাঁর বাগানবাড়িতে তল্লাশি চালানো হয়। বিশাল এলাকা জুড়ে থাকা ওই বাড়িতে রয়েছে সুসজ্জিত বাগান এবং বিলাসবহুল সুইমিং পুলও। গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালায় পুলিশ ও র‍্যাফের যৌথ বাহিনী।

প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর কেন্দ্র থেকে জয়ী তৃণমূল প্রার্থী হিসেবে পরিচিত দিলীপ মণ্ডলের বিরুদ্ধে ভোট-পরবর্তী সময়েও বেলাগাম মন্তব্য ও হুমকির অভিযোগ উঠেছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ মন্তব্যের অভিযোগ সামনে এসেছে। সেই আবহেই দিলীপ মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল পুলিশ।

তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা, বক্তব্যের প্রেক্ষাপট এবং তার সঙ্গে যুক্ত সম্ভাব্য অভিযোগের দিকগুলি। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি দিলীপ মণ্ডল।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন