গেরুয়া ঝড়ে কাঁপল মন্ত্রিসভা! ভরাডুবি ব্রাত্য-সুজিত-শশী-চন্দ্রিমাদের

গণনার ট্রেন্ডে একাধিক মন্ত্রীর হার, তৃণমূলের শক্ত ঘাঁটিতেও ধাক্কা। গেরুয়া ঝড়ে বাংলার রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলার ভোটে ‘পরিবর্তনের ডাক’ যে বাস্তব রূপ নিতে চলেছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলছে গণনার ট্রেন্ডেই। উত্তর থেকে দক্ষিণ— সর্বত্র গেরুয়া ঝড় বইছে। সেই ঝড়ে একের পর এক ধাক্কা খাচ্ছেন তৃণমূলের প্রথম সারির নেতারা। শুধু দল নয়, সরাসরি মন্ত্রিসভার একাধিক সদস্য নিজেদের কেন্দ্রেই কঠিন চ্যালেঞ্জের মুখে। বিকেল গড়াতেই স্পষ্ট হয়ে উঠছে— বিজেপির ডবল সেঞ্চুরির দাপটে কার্যত টালমাটাল রাজ্যের শাসক শিবির।

গণনার অঙ্ক বলছে, প্রায় ১৪ জন মন্ত্রী নিজেদের আসন হারানোর ঝুঁকিতে রয়েছেন। এই তালিকায় রয়েছেন রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে থাকা নেতারাও। বিধাননগরে দমকলমন্ত্রী সুজিত বসু পিছিয়ে পড়েছেন। দমদমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং দমদম উত্তরে প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও লড়াইয়ে পিছনে। উত্তরবঙ্গেও একই ছবি— দিনহাটায় উদয়ন গুহর অবস্থান সুবিধাজনক নয়।

জেলা স্তরেও চিত্র খুব একটা আলাদা নয়। সবং-এ সেচমন্ত্রী মানস ভুঁইয়া, শালবনিতে ক্রেতাসুরক্ষা মন্ত্রী শ্রীকান্ত মাহাতা পিছিয়ে। বিনপুরে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, চন্দননগরে কারিগরি শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেন— সকলেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে। মোথাবাড়িতে সাবিনা ইয়াসমিন, মন্তেশ্বরে সিদ্দিকুল্লা চৌধুরী এবং দুর্গাপুর পূর্বে প্রদীপ মজুমদারও পিছিয়ে রয়েছেন।

এখানেই শেষ নয়। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং স্কুলশিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের মতো নেতারাও নিজেদের আসনে লড়াইয়ে টিকে থাকার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন। সব মিলিয়ে, তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিতেই ভাঙনের ইঙ্গিত মিলছে স্পষ্টভাবে।

তবে সম্পূর্ণ চিত্রটা একপাক্ষিক নয়। এই ধাক্কার মধ্যেও কিছু আসনে লড়াই ধরে রেখেছে শাসক দল। বালিগঞ্জে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। একইভাবে কলকাতা বন্দরে শক্ত অবস্থানে রয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

রাজনৈতিক মহলের মতে, এই ফলাফল কেবল আসন সংখ্যার লড়াই নয়— এটি জনমতের বড় পরিবর্তনের ইঙ্গিত। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নেতৃত্বের উপর ভরসা নড়বড়ে হয়েছে, আর সেই ফাঁকেই জায়গা করে নিচ্ছে নতুন সমীকরণ। ফল ঘোষণার আগেই স্পষ্ট— বাংলার রাজনীতিতে বড় রদবদলের পথে এগোচ্ছে সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত