এবার বিতর্কে বিজেপি সাংসদ এবং ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং৷ এ দিন উত্তর প্রদেশের গোন্ডায় ব্রিজভূষণ সিংহের ছেলে এবং কাইসরগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী করণ ভূষণ সিংয়ের কনভয়ে থাকা গাড়ির চাকায় পিষ্ট হল দুটি বালক৷ পাশাপাশি এক মহিলাকেও ধাক্কা মারে ওই গাড়িটি৷
আরও পড়ুন: দিদি দিচ্ছেন আর মোদি নিয়ে যাচ্ছেন, ‘সিদ্ধান্ত নিন’ জনতার দরবারে আর্জি অভিষেকের

তবে দুর্ঘটনার সময় ওই কনভয়ে থাকা কোনও গাড়িতে করণ নিজে ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷ উত্তরপ্রদেশের গোন্ডার বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের কাছে কর্নেলগঞ্জ-হুজুরপুর রাস্তায় এই ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর, বিজেপি প্রার্থী করণভূষণের কনভয়টি কর্নেলগঞ্জ-হুজুরপুর রোড ধরে হুজুরপুরের দিকে যাচ্ছিল।

বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের কাছে তিন শিশু রাস্তা পার হওয়ার সময় কনভয়ের একটি গাড়ি তাদের ধাক্কা মারে। দুজন শিশুরই ঘটনাস্থলে মৃত্যু হয় বলে খবর। গাড়িটিকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণএ আনে। গাড়িটি বাজেয়াপ্ত করে দুই শিশুর দেহ উদ্ধার করে নিয়ে যায়।গাড়িচালককেও গ্রেফতার করা হয়। এই ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
কনভয়ের গাড়ির চাকায় পিষ্ট ২ বালক, বিতর্কে ব্রিজভূষণের ছেলে

উল্লেখ্য, উত্তর প্রদেশের কাইসারগঞ্জ কেন্দ্রেরই সাংসদ ছিলেন ব্রিজভূষণ৷ কিন্তু ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি পদে থাকাকালীন তাঁর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের মতো গুরুতর অভিযোগ ওঠে৷ শেষ পর্যন্ত চাপের মুখে কুস্তি ফেডারেশনের সভাপতির পদ ছাড়েন ব্রিজভূষণ৷ দলের সাংসদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিলেও এ বার তাঁকে আর কাইসারগঞ্জ থেকে টিকিট দেয়নি বিজেপি৷ ব্রিজভূষণের বদলে তাঁর ছোট ছেলে করণকে ওই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়৷



