নজরবন্দি ব্যুরো: রাজ্যের কোনও মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের জন্য বিধানসভার স্পিকারের পাশাপাশি রাজ্যপালের অনুমতির প্রয়োজন পড়ে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালালেও এতদিন রাজ্যপালের অনুমতি ছিল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। এবার সেই বিষয়েই শিলমোহর দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফলে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তদন্তে আর কোনো বাধা নেই সিবিআইয়ের।
আরও পড়ুন: মহানগরী আজ মিছিলনগরী! দিকে দিকে মিছিলে তীব্র যানজটের সম্ভাবনা, ভোগান্তি নিত্যযাত্রীদের
প্রসঙ্গত, গত বছর ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর গ্রেফতার করা হয় তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখ্যোপাধ্যায়কে। শহরের একের পর এক ফ্ল্যাট থেকে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা উদ্ধার হয়। দুর্নীতির সূত্র ধরে গ্রেফতার হয়েছেন পর্ষদ সভাপতি মানিক ভটাচার্য, কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র, তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ সহ অনেকেই। তবে, নিয়ম অনুযায়ী, রাজ্যের কোনও মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের জন্য বিধানসভার স্পিকারের পাশাপাশি রাজ্যপালের অনুমতির প্রয়োজন পড়ে। কারণ, রাজ্য়পালই শপথ বাক্য পাঠ করান মন্ত্রীদের। সেই কারণে অনুমতি চেয়েছিল সিবিআই। মঙ্গলবার সেই আবেদনই মঞ্জুর করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

অন্যদিকে, আগামী শুক্রবার ২১শে জুলাই উপলক্ষ্যে তৃণমূলের শহিদ দিবস কর্মসূচি পালিত হবে। আগের বছর কিন্তু ধর্মতলায় এই কর্ম্নসূচিতে উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ঠিক তার দু’দিন পর তাঁকে গ্রেফতার করা হয়। এরপর দুর্নীতিতে যুক্ত থাকায় তাঁকে দল থেকে সাসপেন্ড করার পাশাপাশি মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয়। এবার সিবিআইকে তদন্তে আরও স্বাধীনতা এনে দিলেন রাজ্যপাল।
শিলমোহর দিলেন রাজ্যপাল, পার্থকে নিয়ে তদন্তে আর কোনো বাধা নেই সিবিআইয়ের




