নজরবন্দি ব্যুরোঃ শুরু হল ৫৩তম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। ’ এশিয়ার অন্যতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ইফি’-র (IFFIGoa) উদ্বোধন হয়ে গেল রবিবার গোয়ার শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেডিয়ামে।চলচ্চিত্র উৎসব চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
আরও পড়ুনঃ লড়াকু মেয়ে ঐন্দ্রিলা, মায়ের কাছেই শিখেছিল ক্যান্সার জয়ের মন্ত্র


উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া ও তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, তথ্য সম্প্রচার দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ড. এল মুরুগান, গোয়ার গভর্নর শ্রীধরন পিল্লাই, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, এছাড়াও সুজিত সরকার, প্রসূন যোশী-সহ বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের থিম ছিল ‘একশো বছরের ভারতীয় সিনেমার বিবর্তন’।

চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে অনুরাগ ঠাকুর বলেন, “ইফি’ সারা বিশ্বের পরিচালকদের কাজ প্রদর্শনের ক্ষেত্র হয়ে উঠেছে, আমি নিশ্চিত ভারত কো-প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন, ফিল্ম কনটেন্ট, টেকনোলজির ক্ষেত্রে হাব হয়ে উঠবে।” ইফি-র এবারে স্পটলাইট দেশ ফ্রান্স। ২০২২-এর ‘ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন মেগাস্টার চিরঞ্জীবী।



উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন অজয় দেবগণ, পরেশ রাওয়াল, মনোজ বাজপেয়ি, কার্তিক আরিয়ান, সারা আলি খান, সুনীল শেট্টি সহ বলিউড সেলিব্রিটিরা। অনুষ্ঠানে পারফর্ম করলেন কার্তিক আরিয়ান, সারা আলি খান, বরুণ ধাওয়ান, ক্যাথরিন টেরিজা এবং মঞ্চ মাতান ঋতাভরী চক্রবর্তী। তিনি পশ্চিমবঙ্গ ও নর্থ-ইস্টের প্রতিনিধিত্ব করেছেন। এবার ২৮০টি দেশের চলচ্চিত্র দেখানো হবে। স্পেনের খ্যাতনামা চলচ্চিত্রকার কার্লোস সুইরো-কে সত্যজিত রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে।

স্বাধীনতার ৭৫ বছরের অমৃত মহৎসবের ছায়ায় উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় সিনেমার বিবর্তনকে তুলে ধরা হবে। এবারই প্রথম কান চলচ্চিত্র উৎসবের মতো ফিল্মবাজারের প্যাভিলয়ন হবে। মোট ৪২টি প্যাভিলয়ন থাকবে। সেখানে সংরক্ষিত ক্লাসিক সিনেমাগুলির স্বত্ত্ব কিনে নেওয়ার সুযোগ থাকবে। রাজ্যগুলির ফিল্ম বিভাগও থাকবে।
বিশেষভাবে সক্ষমদের জন্য নতুন প্রক্রিয়ায় রিচার্ড অ্যাটেনবরোর অস্কারজয়ী সিনেমা গান্ধী দেখানো হবে। মধুর ভাণ্ডারকরের ‘ইন্ডিয়া লকডাউন’ সিনেমা দেখানো হবে। এবারের আসরে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের ৪টি ছবি। এগুলো হলো ‘সাঁতাও’, ‘পাতালঘর’, ‘নকশিকাঁথার জমিন’ ও ‘পাপ পুণ্য’। চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে ছবিগুলোর প্রদর্শনীর সময় প্রকাশ করা হয়েছে।
শুরু ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভার্চুয়ালি যোগ দিতে পারবেন দর্শকরাও
এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাধারণ মানুষ যে কোনও প্রান্ত থেকে এই আয়োজনে অংশ নিতে পারবেন। ভার্চুয়ালি অংশ নিতে আইএফএফআইয়ের অফিশিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে।







