নজরবন্দি ব্যুরো: জম্মু ও কাশ্মীরে সেনা-জঙ্গির সংঘর্ষে দুই সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। এনকাউন্টারে নিহত দুই জঙ্গি। আহত হয়েছেন একাধিক। গত তিনদিনে কেন্দ্রশাসিত অঞ্চল এটি তৃতীয় ঘটনা। শুক্রবার সকালেই যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা। এরপরই শুরু হয় দুপক্ষের গুলির লড়াই।
আরও পড়ুন: SCO বৈঠকে সন্ত্রাস নিয়ে সরব জয়শঙ্কর, Bilawal-কে তোপ বিদেশমন্ত্রীর


সন্ত্রাসবাদীদের উপস্থিতি নিয়ে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় যৌথ অভিযান চালানো হয়। রাজৌরি সেক্টরের কান্দি বন এলাকায় একটি গুহার ভিতর থেকে সন্ত্রাসবাদীদের একটি দলকে খুঁজে বের করা হয়। সেইসময়েই জঙ্গিরা একটি বিস্ফোরক ডিভাইস সেনাদের দিকে ছুঁড়ে মারে। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। বিস্ফোরণে সেনাবাহিনীর একটি দলের দুই জওয়ান শহীদ হয়েছেন। এছাড়া একজন উচ্চ পদস্থের অফিসার সহ চারজন আহত হয়েছে বলেও জানা গিয়েছে।

এই ঘটনার পরই অতিরিক্ত দলগুলিকে এনকাউন্টার স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আহত কর্মীদের উধমপুরের কমান্ড হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী, একদল জঙ্গি ওই এলাকায় আটকা পড়েছে। জঙ্গিদের দলে হতাহতের সম্ভাবনা রয়েছে। দুজন জঙ্গি এনকাউন্টারে নিহত হয়েছে বলে খবর।



গত বৃহস্পতিবার বারামুল্লা জেলায় বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসীর মৃত্যু হয়। একে ৪৭ রাইফেল, একটি পিস্তল সহ অপরাধমূলক সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ। নিহত দুই জঙ্গি নিষিদ্ধ সংগঠন এলইটি-র সদস্য বলে অনুমান। ঘটনার তদন্ত চলছে। এর আগে গত বুধবার কুপওয়ারার পিচনাদ মাচিল সেক্টরের কাছে দুই জঙ্গি নিহত হয়।








