চোটের কারণে আফগানিস্তান সিরিজ থেকে বাদ হর্ষিত রানা, বড় ধাক্কা গম্ভীরদের!

আফগানিস্তান সিরিজ়ের আগে ফিটনেস পরীক্ষায় পাশ করে স্বস্তি দিলেন নীতীশ রেড্ডি। অন্য দিকে, ফের চোট পেয়ে সিরিজ় থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, এশিয়ান গেমসেও অনিশ্চিত তাঁর খেলা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এক ক্রিকেটারকে নিয়ে স্বস্তির খবর এলেও অন্য জনের চোটের কারণে দুশ্চিন্তা কাটল না গৌতম গম্ভীরদের। আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজ়ে খেলার ছাড়পত্র পেয়েছেন নীতীশ রেড্ডি (Nitish Reddy)। বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন তিনি। কিন্তু হর্ষিত রানা (Harshit Rana) আবার চোট পাওয়ায় আফগানিস্তান সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন। শুধু এই সিরিজ় নয়, এশিয়ান গেমসেও তাঁর খেলার সম্ভাবনা কার্যত নেই বলেই জানা যাচ্ছে।

জুনে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে বল করার সময় চোট পেয়েছিলেন নীতীশ। সেই কারণে দ্বিতীয় ম্যাচে তাঁকে খেলানো হয়নি। তৃতীয় ম্যাচে মাঠে ফিরলেও ফের পায়ের সমস্যায় পড়েন তিনি। এর জেরে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী সিরিজ়গুলিতেও খেলতে পারেননি নীতীশ।

চোট কাটিয়ে গত সপ্তাহে বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্র (Centre of Excellence)-এ ফিটনেস পরীক্ষা দেন নীতীশ। সেই পরীক্ষায় সফল ভাবেই উত্তীর্ণ হয়েছেন তিনি। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন সিরিজ়ে তাঁর খেলতে আর কোনও বাধা নেই। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর নীতীশের প্রত্যাবর্তন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে কিছুটা স্বস্তি দেবে।

অন্য দিকে, হর্ষিত রানার পরিস্থিতি আরও উদ্বেগের। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণে বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে হয় তাঁকে। পরে আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেলতে পারেননি এই পেসার।

চোট সারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে ফিরেছিলেন হর্ষিত। কিন্তু সেই ম্যাচেই ফের চোট পান তিনি। এরপর থেকে বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রেই রিহ্যাবে ছিলেন ভারতীয় পেসার। চোটের পরিস্থিতি খতিয়ে দেখেই তাঁকে আফগানিস্তান সিরিজ়ের দলে রাখা হয়েছিল।

তবে সিরিজ় শুরুর আগে ফিটনেস পরীক্ষা ছিল বাধ্যতামূলক। সেই পরীক্ষায় নামতে গিয়েই ফের চোট পেয়েছেন হর্ষিত। জানা গিয়েছে, নতুন চোটটি গুরুতর। ফলে শুধু আফগানিস্তান সিরিজ় নয়, কবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

হর্ষিতের চোট ভারতীয় দলের পাশাপাশি এশিয়ান গেমসের পরিকল্পনাতেও প্রভাব ফেলতে পারে। আপাতত তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠাই টিম ম্যানেজমেন্টের প্রধান লক্ষ্য। নীতীশ রেড্ডির ফিটনেসে স্বস্তি ফিরলেও হর্ষিত রানাকে নিয়ে নতুন করে যে চিন্তা তৈরি হয়েছে, তাতে ভারতীয় ক্রিকেটের চোটের তালিকা আরও দীর্ঘ হল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন