লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারে কার্যত ঝড় তুলেছেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব (Dev)। কিছু সময় আগে তিনিই রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি সংসদে দাঁড়িয়ে ‘শেষ’ বক্তব্যও রেখে এসেছিলেন। তারপর শর্ত সাপেক্ষে রাজনীতিতে থেকে গিয়েছেন এবং দলের হয়ে নির্বাচনে লড়ছেন। এরইমধ্যে প্রশ্ন উঠছে ভোটের পর কি আবারও রাজনীতি ছেড়ে দেওয়ার কথা শোনা যাবে দেবের মুখে।

আরও পড়ুন: কাটল না সমঝোতার জট, আইএসএফ ছেড়ে ফের কংগ্রেসের চিন্তা, বামেদের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা কবে?
রাজনীতি ছেড়ে দেওয়ার জল্পনার মাঝেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত বদল করেন। ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনে ঘাটালের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করে তৃণমূল। এরপর থেকেই প্রচারে নেমে পড়েন দেব। কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কোনও সহযোগিতা করেনি, তাঁর কথা রেখেই রাজ্য সরকার এই প্রকল্পের খরচ দেবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শর্তেই ঘাটালবাসীদের কথা মাথায় রেখেই রাজনীতিতে ফিরেছেন দেব। সম্প্রতি প্রচারের সভা থেকেও তিনি একাধিকবার বলেছেন, ‘যদি ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করে দেয়, তবেই আমি রাজনীতিতে ফিরব। এই শর্তেই আমি ফিরেছি রাজনীতিতে।”

এরপরই উঠে এসেছে এক নতুন প্রশ্ন, তবে কি ভোটের পরও দেবের রাজনীতি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকছে। ওয়াকিবহাল মহলের মতে, ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২-৩ বছরের মধ্যেই সেটি সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা। দেব সেই শর্তে রাজনীতিতে ফিরে তৃতীয়বার ভোটে দাঁড়াতে প্রস্তুত হয়েছেন। এই কথার অন্যথা হলে তারকার রাজনীতি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে, এতে অবাক হওয়ার কিছু থাকবে না।
শর্ত রেখেই রাজনীতিতে ফিরেছেন দেব, ভোট মিটলে কি ফের শোনা যাবে ‘বিদায়ের বাণী’?

গত মাস থেকেই প্রচারে নেমে পড়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই প্রচার সেরে ফেলেছেন। তারকা প্রার্থীকে একবার দেখতে রাস্তায় মানুষের ভিড় চোখে পড়ার মত। ঘাটালে বিজেপি প্রার্থী করেছে হিরণ চট্টোপাধ্যায়। দুর্নীতি ইস্যুতে এই হিরণ একাধিকবার দেবকে কাঠগড়ায় তুলেছেন। সম্প্রতি তাঁকে জবাব দিতে গিয়ে দেব কটাক্ষের সুরে বলেছিলেন, ‘ফিল্মি ক্যারিয়ার ব্যর্থ হওয়ায় রাজনীতিতে আক্ষেপ মেটাচ্ছে।’ প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে হারিয়ে ঘাটালের সাংসদ হয়ে হ্যাট্রিক করা নিয়ে আত্মবিশ্বাসী দেব।



