বেজে গেছে ভোটের বাদ্যি। ১০ মার্চ ব্রিগেডের ময়দান থেকে পুর্ণাঙ্গ প্রার্থীতালিকা ঘোষণা করেছে শাসকদল। ২ আসন বাদে ৪০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। কিন্তু এখনও পুর্ণাঙ্গ প্রার্থীতালিকা দিতে পারল না বামেরা। ভোটের আর বাকী ১৯ দিন। কথা ছিল রবিবার প্রার্থী তালিকা প্রকাশ করার। কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে উঠল না। সূত্রের খবর, আসন নিয়ে জট এখনও অব্যাহত।



আরও পড়ুন : নির্বাচনের প্রাক্কালে ঐক্যবদ্ধ INDIA জোট, স্বচ্ছ ও অবাধ ভোটের জন্য কমিশনকে ৫ দফা দাবী
অনেক অপেক্ষার পরেও আসন সমঝোতার প্রশ্নে আইএসএফের তরফে ‘নমনীয়তা’র তেমন কোন ইঙ্গিত পাচ্ছে না সিপিএম। হাইভোল্টেজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর প্রার্থী হওয়ার প্রস্তাবে সমর্থনের ঘোষণা করে দেওয়া সত্ত্বেও তাঁর তরফে স্পষ্ট জবাব মিলছে না।



এমতাবস্থায় আইএসএফ-কে ছেড়ে কংগ্রেসের সঙ্গে কথা বলতে চলেছে তারা। সমঝোতার প্রক্রিয়া চলাকালীনই রাজ্যের ৮ লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছিল আইএসএফ। বাম ও কংগ্রেস মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যের ৩১ টি আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। দুই বিধানসভা কেন্দ্র ভগবানগোলা ও বরাহনগরের উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়েও কংগ্রেসের সঙ্গে আলোচনা হবে।

কাটল না সমঝোতার জট, আইএসএফ ছেড়ে ফের কংগ্রেসের চিন্তা, বামেদের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা কবে?
এছাড়াও বাম শরিক দল ফরোওয়ার্ড ব্লকের সঙ্গেও আসন নিয়ে কিছু সমস্যা চলছে বামের অন্দরে। পুরুলিয়া আসনটি কংগ্রেস চাইলেও তা ছাড়তে আগ্রহ প্রকাশ করেনি ফরওয়ার্ড ব্লক। এমনকি এই আসন নিয়ে কোনওরকম আলোচনায় যেতে চাইনি ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। আজ সোমবার ফের বৈঠকে বসবে বাম নেতৃত্ব। পরিস্থিতির কোন নাটকীয় পরিবর্তন ঘটে কিনা এখন সেটাই দেখার।







