সরকারি পরিষেবা সংক্রান্ত অভিযোগ, সমস্যা বা আবেদন জানাতে নাগরিকদের জন্য নতুন ডিজিটাল উদ্যোগ শুরু হয়েছে। ‘আপনার সরকার আপনার পাশে’ হেল্পলাইনের পর এবার চালু হল একই নামের অনলাইন পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা-সহ বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সংক্রান্ত অভিযোগ সরাসরি প্রশাসনের নজরে আনা যাবে।
মুখ্যমন্ত্রীর দপ্তরের (CMO) সরকারি ওয়েবসাইটে গিয়ে নাগরিকরা ‘আপনার সরকার আপনার পাশে’ অপশনটি দেখতে পাবেন। সেখানে হেল্পডেস্ক নম্বর, ই-মেল আইডির পাশাপাশি অভিযোগ জানানোর জন্য ‘Raise Grievance’ নামে একটি বিশেষ বিভাগ রাখা হয়েছে।
অভিযোগ জানাতে প্রথমে আবেদনকারীকে নিজের মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করতে হবে। এরপর মোবাইলে প্রাপ্ত OTP এবং ক্যাপচা ভেরিফিকেশন সম্পূর্ণ করার পর অভিযোগ জানানোর নির্দিষ্ট ফর্ম খুলে যাবে।
ফর্মে আবেদনকারীর নাম, ঠিকানা, জেলা, মহকুমা, থানা, বিধানসভা কেন্দ্র এবং পোস্ট অফিসের মতো বিস্তারিত তথ্য দিতে হবে। পাশাপাশি বয়স, ই-মেল আইডি এবং বিকল্প যোগাযোগ নম্বরও উল্লেখ করার সুযোগ থাকবে।
অভিযোগ বা সমস্যার বিবরণ লেখার জন্য আলাদা বক্স দেওয়া হয়েছে। প্রয়োজন হলে অভিযোগের সমর্থনে নথি বা ডকুমেন্টও আপলোড করা যাবে। সমস্ত তথ্য পূরণ করার পর ‘Submit’ বা ‘জমা দিন’ অপশনে ক্লিক করলেই অভিযোগ নথিভুক্ত হবে।
প্রশাসনের দাবি, এই পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ আরও দ্রুত এবং সহজ উপায়ে সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে সমস্যা হলে বা কোনও অভিযোগ থাকলে তা সরাসরি সরকারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ কর্মসূচি চালু করা হয়েছিল, যার মাধ্যমে নাগরিকরা ফোনে অভিযোগ জানাতে পারতেন। পরবর্তীতে সেই ব্যবস্থাকে আরও সম্প্রসারিত ও আধুনিক রূপ দিতে নতুন উদ্যোগ হিসেবে ‘আপনার সরকার আপনার পাশে’ চালু করা হয়েছে।
সরকারের বক্তব্য, প্রশাসনিক পরিষেবাকে আরও জনমুখী, স্বচ্ছ এবং সহজলভ্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ফলে সরকারি সুবিধা পেতে কোনও সমস্যা হলে এখন নাগরিকরা সরাসরি অনলাইন পোর্টালের সাহায্য নিতে পারবেন।



