কলকাতার কলেজ স্ট্রিটে বই বিক্রিকে কেন্দ্র করে বুধবার ফের উত্তেজনা ছড়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) সামনে এসএফআই (SFI)-এর অস্থায়ী বইয়ের স্টলে হামলার চেষ্টার অভিযোগ উঠল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর সদস্যদের বিরুদ্ধে। ব্যারিকেড সরিয়ে স্টলের দিকে এগিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।
বইয়ের স্টল ঘিরে এই সংঘাতের সূত্রপাত মঙ্গলবার থেকেই। নভেম্বর বিপ্লবের স্মরণে ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত তিন দিনের বই বিক্রির কর্মসূচি নিয়েছিল এসএফআই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে স্টল বসানো নিয়ে পুলিশের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। মঙ্গলবার নির্ধারিত জায়গায় স্টল করতে না পেরে প্রতিবাদে রাস্তায় বসে বই বিক্রি শুরু করেন এসএফআই সদস্যেরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর কয়েকজনকে আটকও করা হয়েছিল বলে সংগঠনের দাবি।
বুধবার ফের নতুন করে অস্থায়ী স্টল তৈরি করে এসএফআই। আগের নির্ধারিত জায়গা থেকে কিছুটা সরিয়ে স্টল বসানো হয়। সেখানে উপস্থিত থাকার কথা ছিল সিপিআইএমের প্রবীণ নেতা বিমান বসুর। সকাল থেকেই এলাকায় পুলিশ মোতায়েন ছিল। এসএফআইয়ের স্টল ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য ব্যারিকেডও বসানো হয়।
এরই মধ্যে সকাল ১১টা নাগাদ পাল্টা বইয়ের স্টল বসানোর দাবি নিয়ে হাজির হন এবিভিপি সদস্যেরা। তাঁদের বক্তব্য, এসএফআই যদি কলেজ স্ট্রিটে বই বিক্রি করতে পারে, তা হলে তাঁরাও একই জায়গায় বই বিক্রি করবেন। সওয়া ১১টার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে টেবিল ও বেঞ্চ এনে রাস্তার পাশে সাজাতে শুরু করেন তাঁরা।
এবিভিপির তরফে আনা হয়েছিল আরএসএসের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেডগেওয়ার এবং সংগঠনের দ্বিতীয় সরসঙ্ঘচালক মাধব সদাশিবরাও গোলওয়ালকরকে নিয়ে লেখা বই। পাশাপাশি ছিল ‘নারী কাল, আজ ও কাল’ নামে একটি বই। সঙ্গে আনা হয়েছিল ছাত্র-যুব সমাবেশের ব্যানারও।
এবিভিপির কলকাতা মহানগরের নেতা স্বাধীন হালদার জানান, এসএফআই যদি সেখানে বই বিক্রি করে, তা হলে তাঁরাও করবেন। পুলিশের অনুমতি পাওয়া গিয়েছে কি না, সেই প্রশ্নে তিনি জানান, কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের আলোচনা চলছে। একই সঙ্গে এসএফআইয়ের বইয়ের বিষয়বস্তু নিয়ে আপত্তি জানান তিনি। তাঁর দাবি, এসএফআইকে বই বিক্রির অনুমতিপত্র দেখাতে হবে।
এর পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এবিভিপির কয়েকজন সদস্য এসএফআইয়ের স্টলের দিকে এগিয়ে গিয়ে সেটি ভাঙচুরের চেষ্টা করেন। পুলিশের তৈরি ব্যারিকেড সরানোকে কেন্দ্র করে শুরু হয় ধস্তাধস্তি। দুই সংগঠনের সদস্যদের মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশকর্মীরা।
অন্যদিকে, এসএফআইয়ের সদস্যেরা জাতীয় পতাকা নিয়ে নিজেদের স্টলে বসেছিলেন। তাঁদের অভিযোগ, মঙ্গলবার পুলিশের অনুমতি থাকা সত্ত্বেও বই বিক্রি করতে দেওয়া হয়নি। উল্টে সংগঠনের সদস্যদের আটক করা হয়েছিল। অথচ বুধবার এবিভিপি একই এলাকায় পাল্টা স্টল বসানোর উদ্যোগ নিলেও তাদের বিরুদ্ধে কেন একই ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন এসএফআই সদস্যেরা।
কলেজ স্ট্রিটের মতো ব্যস্ত এলাকায় এই সংঘাতের জেরে সাধারণ মানুষের যাতায়াত ও যান চলাচলও বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বজায় রাখা হয়। দুই সংগঠনের মধ্যে উত্তেজনার কারণ বইয়ের বিষয়বস্তু ও স্টল বসানোর অধিকার—দুই বিষয়কে ঘিরেই। তবে স্টল বসানোর অনুমতি নিয়ে দুই পক্ষের বক্তব্যের মধ্যে স্পষ্ট বিরোধ রয়েছে।



