নজরবন্দি ব্যুরোঃ অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের অস্ত্রোপচার সফল। পায়ের ভাঙা অংশে প্লেট বসানো হয়েছে। আরও দু’দিন হাসপাতালে থাকতে হবে এই তারকাকে। তাঁকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ৪৮ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হবে প্রিয়াঙ্কাকে। শুক্রবার রাতে ঘটেছিল বিপত্তি, শুট চলাকালীন রাজারহাটে গুরুতর আহত হলেন টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। চোট পেয়েছেন অর্জুন চক্রবর্তীও। তবে, তাঁকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ কৃষকদের যোগ্য জবাব দিলেন তিনি, উত্তরপ্রদেশে ভোটপ্রচারে এবার কঙ্গনা


বর্তমানে পায়ে আঘাত পেয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রিয়াঙ্কা সরকার। শনিবার দুপুর ৩টে নাগাদ ‘ওপেন রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন’ অস্ত্রোপচার হয়েছে। বাইকের ধাক্কায় তাঁর পায়ের টিবিয়ায় চোট লেগেছে। অস্ত্রোপচার করে তাঁর পায়ে প্লেট বসানো হবে। এই প্লেট তাঁর পায়ের ভাঙা হাড় জুড়তে সাহায্য করবে। পরবর্তীতে প্রিয়াঙ্কার হাড় জুড়ে গেলেও প্লেটটি সরানো হবে না।
শুক্রবার রাতে ‘মহাভারত মার্ডারস’ নামে এক ওয়েব সিরিজের শুটিং করছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এবং তাঁর সহ অভিনেতা অর্জুন চক্রবর্তী। রাজারহাটের রাস্তায় একটি দৃশ্যের শুটিং চলছিল তাঁদের। সেই সময়ই ঘটে বিপত্তি। শুক্রবার রাত ১১টা নাগাদ শুটিংয়ের সেটে কর্ডন ভেঙে এক মত্ত বাইকচালক ঢুকে পড়ে। গুরুতর জখম হন প্রিয়াঙ্কা। চোট পান অর্জুনও।
কবে ছাড়া পাবেন প্রিয়াঙ্কা, শনিবারই অস্ত্রোপচার সফল হল তাঁর

এদিন অভিনেত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তাঁর প্রাক্তন স্বামী রাহুল বন্দ্যোপাধ্যায়। সংবাদ প্রতিদিনকে ফোনে রাহুল তখন জানান, প্রিয়াঙ্কার অস্ত্রোপচার ভালভাবেই হচ্ছে। শোনা গিয়েছে, অভিনেত্রীর ছেলে সহজ বাড়িতেই রয়েছে। আপাতত বেশ কয়েকটা দিন বিশ্রামেই থাকতে হবে প্রিয়াঙ্কাকে। ততদিন ‘মহাভারত মার্ডারস’ নামে ওয়েব সিরিজটির কাজ বন্ধ রাখা হবে বলে খবর। অভিনেত্রী সুস্থ হলে ফের কাজ শুরু করবেন। কিন্তু রাতের অন্ধকারে রাজারহাটের এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। দুর্ঘটনার পর থেকে উধাও ওই বাইক চালক। তার খোঁজে তল্লাশি চলছে বলে খবর।









