কলকাতায় পারদ একটু চড়লেও জেলায় কাঁপুনি! দার্জিলিঙের পরেই বীরভূমে শীতের দাপট—কোথায় কত তাপমাত্রা?

কলকাতায় পারদ সামান্য বাড়লেও উত্তর ও দক্ষিণবঙ্গে শীতের দাপট অব্যাহত। দার্জিলিঙের পরেই বীরভূমের শ্রীনিকেতনে নামল সর্বনিম্ন তাপমাত্রা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতায় শীতের ধার কিছুটা কমলেও জেলার ছবিটা একেবারেই উল্টো। উত্তর ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে হাড় কাঁপানো ঠান্ডা, রাতের তাপমাত্রা নামছে এক অঙ্কে। শীতের লড়াইয়ে দার্জিলিঙের পরেই নজর কেড়েছে বীরভূম—শ্রীনিকেতনে পারদ নেমে ৫.৬ ডিগ্রি সেলসিয়াসে।

শুক্রবার কলকাতা-য় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। আগের দিন শহরের সর্বনিম্ন ছিল ১১.৬ ডিগ্রি। অর্থাৎ, পারদ সামান্য ঊর্ধ্বমুখী। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস—স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা ধীরে ধীরে আরও কিছুটা বাড়তে পারে, যদিও শীত কতটা কমবে তা এখনও নিশ্চিত নয়।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে তাপমাত্রায় বড়সড় বদলের সম্ভাবনা নেই। তার পরের দু’দিনে পারদ ১–২ ডিগ্রি বাড়তে পারে। উত্তরবঙ্গেও আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকার পূর্বাভাস। অর্থাৎ, শীতের দাপট পুরোপুরি বিদায় নিচ্ছে না।

আবহাওয়া আপাতত শুকনো থাকলেও কুয়াশার সতর্কতা জারি। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত। অন্য জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার জেরে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে থাকতে পারে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শ্রীলঙ্কা উপকূলে স্থলভাগে ঢুকেছে। এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গের আবহাওয়ায় পড়ছে না। রাজ্যে উত্তুরে হাওয়া অবাধে ঢোকায় শুষ্ক ও শীতল পরিস্থিতি বজায় রয়েছে।

তাপমাত্রার হিসাবে শুক্রবার দক্ষিণবঙ্গের বহু জায়গায় পারদ ১০ ডিগ্রির নীচে। বীরভূমের শ্রীনিকেতন ৫.৬ ডিগ্রিতে দক্ষিণবঙ্গের শীতলতম। উত্তরে দার্জিলিংয়ে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়া আর কোথাও এত নীচে নামেনি।
দক্ষিণবঙ্গে বহরমপুর ও মগড়া—৯, কলাইকুন্ডা—৮.২, বর্ধমান—৯, আসানসোল—৮, পানাগড়—৮.২, বাঁকুড়া—৭.৪, পুরুলিয়া—৮, সিউড়ি—৭.২, ঝাড়গ্রাম—৭.৮, কল্যাণী—৭.৫, উলুবেড়িয়া ও দিঘা—৯.৪ ডিগ্রি। কৃষ্ণনগর ও কাঁথি—১০, ক্যানিং—১০.৬, ব্যারাকপুর—১০ এবং বসিরহাট—১০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত