রানাঘাটে শাহের বিস্ফোরক অভিযোগ: ‘মমতাদি মতুয়াদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন’!

রানাঘাটে অমিত শাহের অভিযোগ, মতুয়া-নমশূদ্র ভোটারদের নাম বাদ—ক্ষমতায় এলে ফের অন্তর্ভুক্তির আশ্বাস, ‘অনুপ্রবেশমুক্ত বাংলা’র প্রতিশ্রুতি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দ্বিতীয় দফার ভোটের আগে নদিয়ার রানাঘাটে প্রচার মঞ্চ থেকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে কিছু মতুয়া ও নমশূদ্র ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি আশ্বাস দেন, ক্ষমতায় এলে সেই নাম ফের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

রানাঘাট দক্ষিণের সভায় শাহ বলেন, “ষড়যন্ত্র করে কিছু মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।” এই প্রসঙ্গেই তিনি দাবি করেন, বিজেপি সরকার গড়লে বাদ পড়া নামগুলি পুনরায় তালিকায় ফিরিয়ে আনা হবে। তাঁর এই বক্তব্যে সরাসরি নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা।

- Advertisement -

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়েও সরব হন শাহ। তাঁর অভিযোগ, অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়াতেই আপত্তি তুলছে শাসকদল। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনের পর “অনুপ্রবেশমুক্ত বাংলা” গড়ার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে।

আইনশৃঙ্খলা ইস্যুতেও আক্রমণাত্মক সুরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, রাজ্যে “গুন্ডারাজ” চলছে এবং নির্বাচনের পর তা বন্ধ করা হবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের ব্যবস্থায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোটারদের ভয় পাওয়ার কোনও কারণ নেই।

শাহ আরও দাবি করেন, প্রথম দফার ভোটেই তৃণমূলের ভিত্তি নড়ে গিয়েছে এবং বিজেপি ১৫২টি আসনের মধ্যে ১১০টির বেশি জিতবে। দ্বিতীয় দফায় সেই ফলাফল আরও মজবুত করার আহ্বান জানান তিনি।

রানাঘাটের এই সভার আগে তেহট্টে একটি জনসভা করেন শাহ। দিন শেষে বারাসতে তাঁর রোড শো করার কথা রয়েছে। ভোটের আগে তাঁর এই ধারাবাহিক প্রচার এবং আক্রমণাত্মক বক্তব্য রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াল।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর