আগামী সপ্তাহ থেকেই কি শীতের বিদায়? বাড়বে তাপমাত্রা, ঘন কুয়াশায় সতর্ক রাজ্য

শীত কি তবে বিদায়ের পথে? জানুয়ারির মাঝামাঝি থেকেই রাজ্যে বাড়তে পারে তাপমাত্রা, তবে উত্তর ও দক্ষিণবঙ্গের বহু জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যজুড়ে কি তবে ধীরে ধীরে শীত বিদায়ের সুর? আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস বলছে, জানুয়ারির মাঝামাঝি এসেই তাপমাত্রার গ্রাফে ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট। যদিও ভোর ও রাতের দিকে শীতের কামড় বজায় থাকবে, দিনের বেলায় ধীরে ধীরে বাড়বে উষ্ণতার প্রভাব। সেই সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে ঘন কুয়াশার সতর্কতা, যা আগামী কয়েকদিন নিত্যযাত্রী ও যানচালকদের জন্য সমস্যার কারণ হতে পারে।

শহর কলকাতায় গত কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রার ওঠানামা চোখে পড়ছে। বুধবার যেখানে পারদ নেমেছিল ১৩.৩ ডিগ্রি সেলসিয়াসে, বৃহস্পতিবার তা আরও কমে দাঁড়ায় ১২.৫ ডিগ্রিতে। শুক্রবার ফের কিছুটা বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা এখনও স্বাভাবিকের তুলনায় প্রায় ১.২ ডিগ্রি কম। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই শীতলতা দীর্ঘস্থায়ী নয়।

সর্বোচ্চ তাপমাত্রাতেও সামান্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার তা বেড়ে হয়েছে ২৩.৮ ডিগ্রি। যদিও এখনও স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কম রয়েছে দিনের পারদ। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী।

কবে থেকে কমবে শীতের দাপট?

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। তবে সোমবারের পর থেকেই উষ্ণতা বাড়তে শুরু করবে। আগামী বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। ফলে সপ্তাহের মাঝামাঝি থেকে রাজ্যের অধিকাংশ জেলাতেই শীতের আমেজ অনেকটাই ফিকে হয়ে যাবে। অন্তত সরস্বতী পুজো পর্যন্ত এই আবহাওয়াই বজায় থাকবে বলে ইঙ্গিত।

ঘন কুয়াশায় সতর্কতা

শীতের বিদায়ের ইঙ্গিত মিললেও কুয়াশার ভোগান্তি এখনও পিছু ছাড়ছে না। সোমবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় রবিবার ঘন কুয়াশা দেখা যেতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও সোমবার পর্যন্ত কুয়াশার দাপট থাকতে পারে।

বিশেষ করে সকাল ও রাতের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত