উত্তর বঙ্গোপসাগরে ফের ঘনীভূত ঘূর্ণাবর্ত। সমুদ্র উত্তাল হবে। শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণবঙ্গে। উইকেন্ডে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আগামিকাল, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে।
দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের অবস্থান উত্তর বাংলাদেশ। ধীর গতিতে তা এগোচ্ছে পশ্চিমের দিকে। আগামী ২৪ ঘণ্টায় এটি বাংলা পেরবে। পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি আগামী ২ থেকে তিনদিনে ঝাড়খণ্ডে যাবে। মৌসুমী অক্ষরেখা বিহার থেকে বাংলার উপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
শুক্রবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি বেশ কিছু জেলাতে। শনিবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস। সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে।
বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। অপরদিকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কাল থেকে বৃষ্টি বাড়বে। উইকেন্ডে বৃষ্টি বাড়তে পারে। শনিবার থেকে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে অনুমান আবহাওয়া দফতরের। কাল রাতের তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮১ থেকে ৯৭ শতাংশ।



