বৃষ্টি থামবে না এখনই, ঘুর্ণাবর্ত কি ঘুর্ণিঝড়ে পরিণত হচ্ছে? কি আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

হাওয়া অফিস বলছে কমপক্ষে ৪৮ ঘন্টা ধরে বৃষ্টি হতে পারে বাংলা সহ কয়েকটি রাজ্যে। এখনই মেঘ কেটে যাওয়ার কোন সম্ভাবনা নেই। বরং বৃষ্টি বাড়তে পারে কিছু কিছু জেলায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মা দুর্গা ধরাধামে আসতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু আজও আকাশের মুখ ভার। গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে নাকানি চোবানি খাচ্ছে বঙ্গবাসী। কদিন আগেই মনে হচ্ছিল কখন একটু বৃষ্টি হবে। সেই বৃষ্টি এল, আর এল তা ঝমঝমিয়ে। কিন্তু বৃষ্টি থাকবে কতদিন! হাওয়া অফিস বলছে কমপক্ষে ৪৮ ঘন্টা ধরে বৃষ্টি হতে পারে বাংলা সহ কয়েকটি রাজ্যে। এখনই মেঘ কেটে যাওয়ার কোন সম্ভাবনা নেই। বরং বৃষ্টি বাড়তে পারে কিছু কিছু জেলায়। বাদ যাবেনা দক্ষিণ বঙ্গ থেকে উত্তর বঙ্গ।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে তৈরি নিম্নচাপ দুর্বল হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে।  দক্ষিণ ছত্তীসগঢ়ের উপরে রয়েছে একটি ঘূণাবর্ত। একটি অক্ষরেখা রয়েছে উত্তর কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত, যা ছত্তীসগঢ়ের ঘূর্ণাবর্তের এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। আইএমডির পূর্বাভাস বলছে, উভয় ঘূর্ণাবর্ত একসঙ্গে মিলিত হতে পারে। যার ফলে নিম্নচাপ দুর্বল হলেও বৃষ্টি কমার সম্ভাবনা কম।

এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও কালিম্পং। পাশাপশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কোচবিহার জেলায়।

উত্তরবঙ্গের পাশাপশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হলেও বেলার দিকে বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। দক্ষিনবঙ্গের বন্যা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে প্রবল বৃষ্টিতে। ঘরছাড়া কয়েক লক্ষ মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন