অবশেষে বহু কাঙ্ক্ষিত সেই সুখবর এল আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই। তেমন কোনও পূর্বাভাস নেই। তবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে।
আরও পড়ুন: এক নজরে এবার মাধ্যমিকের প্রথম দশ, দেখুন নাম-নম্বর-স্কুল

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৪০ ডিগ্রির ঘরে, যা কি না স্বাভাবিকের থেকে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা কি না স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আজ শহরের বাতালে আপেক্ষিক আর্দ্রার সর্বোচ্চ পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি থাকবে।

শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এরপর রবিবারও এই তিন জেলা বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে। তবে এই দু’দিন দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় বৃষ্টির সেই অর্থে কোনও সম্ভাবনা নেই। সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি মাত্রায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।
বহু কাঙ্ক্ষিত সুখবর দিল হাওয়া অফিস, কবে থেকে বৃষ্টি?

বৃষ্টি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শনিবার থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওড়া, হুগলি ছাড়াও পশ্চিমের জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।



