মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বস্তি! ফের খুলছে অনলাইন এনরোলমেন্ট পোর্টাল—২৭ থেকে ২৮ জানুয়ারি বিশেষ সময়সীমা ঘোষণা শিক্ষামন্ত্রীর

স্কুলের গাফিলতিতে যারা মাধ্যমিক ২০২৬-এর এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড থেকে বাদ পড়েছিল, তাদের জন্য ২৭ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২৮ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত পোর্টাল খুলছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের হাজার হাজার মাধ্যমিক পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের মধ্যে বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্কুলের গাফিলতির কারণে যে সকল যোগ্য পরীক্ষার্থী ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার এনরোলমেন্ট ও অ্যাডমিট কার্ড থেকে বঞ্চিত হয়েছেন, তাঁদের জন্য ফের খোলা হচ্ছে অনলাইন এনরোলমেন্ট পোর্টাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দ্রুত পদক্ষেপ নিয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসার সুযোগ নিশ্চিত করতে তৎপর রাজ্যের বিদ্যালয় শিক্ষা বিভাগ ও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ‘এক্স’ (X) হ্যান্ডেলে পোস্ট করে জানান, ২৭/০১/২৬ দুপুর ১২টা থেকে ২৮/০১/২৬ দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য অনলাইন এনরোলমেন্ট পোর্টাল পুনরায় চালু থাকবে। যাতে কোনও যোগ্য পরীক্ষার্থী বিদ্যালয়ের ভুলের কারণে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারিয়ে না ফেলে।

শিক্ষামন্ত্রীর পোস্ট অনুযায়ী, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্রছাত্রীদের স্বার্থ সর্বদা সর্বোচ্চ অগ্রাধিকার পায়। সেই কারণেই বিদ্যালয়ের ত্রুটিজনিত সমস্যায় পড়া যোগ্য পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য দ্রুত প্রশাসনিক তৎপরতা নেওয়া হয়েছে।

মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বস্তি! ফের খুলছে অনলাইন এনরোলমেন্ট পোর্টাল—২৭ থেকে ২৮ জানুয়ারি বিশেষ সময়সীমা ঘোষণা শিক্ষামন্ত্রীর

এদিন তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে বিদ্যালয়গুলির মাধ্যমে এই ধরনের ত্রুটি যাতে আর না ঘটে, তার জন্য উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ফলে স্কুলগুলির দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধে কড়া নজরদারির ইঙ্গিতও স্পষ্ট।

শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের উদ্দেশে বার্তায় বলেন, “তোমরা সুস্থ শরীরে, শান্ত চিত্তে পরীক্ষা দাও”—এবং আশ্বাস দেন যে মধ্যশিক্ষা পর্ষদ, বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং রাজ্য প্রশাসন সর্বতোভাবে পরীক্ষার্থীদের পাশে আছে

এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বহু পড়ুয়া ও অভিভাবক, কারণ মাধ্যমিক পরীক্ষা ঘনিয়ে আসার মুখে এনরোলমেন্ট বা অ্যাডমিট কার্ড সংক্রান্ত জটিলতা অনেকের ভবিষ্যৎকে অনিশ্চয়তায় ফেলে দিতে পারত। নতুন সময়সীমার মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পূর্ণ করতে পরীক্ষার্থীদের দ্রুত পদক্ষেপ করার পরামর্শ দিচ্ছেন শিক্ষা মহলের একাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত