আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। বৃহস্পতিবার বিকেলেই তাঁকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর গ্রেফতারিতে সরব হয়েছে আপ সহ ইন্ডিয়া জোটের শরিকদলগুলি। কেন্দ্রের সরকারকে একযোগে আক্রমণ করছে তাঁরা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদ জানান তিনি।

আরও পড়ুন: ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ থাকতে চেয়েছিলেন, ভোটের মুখে সেখানেই স্ট্র্যাটেজি নির্ধারণে অভিষেক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লেখেন, ‘আমি জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির বর্তমান নির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) গ্রেফতারির তীব্র নিন্দা জানাই। আমি ব্যক্তিগতভাবে সুনিতা কেজরিওয়ালের সঙ্গে যোগাযোগ করে আমার সমর্থন জানিয়েছি। একদিকে সিবিআই-ইডি (CBI-ED) তদন্তের অধীনে অভিযুক্ত ব্যক্তিদের যারা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা অবাধে ঘোরাফেরা করছেন কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধী মুখ্যমন্ত্রীদের টার্গেট করা হচ্ছে এবং গ্রেফতার করছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। এটি গণতন্ত্রের উপর নির্মম আঘাত।

মমতা জানান, আজ (২২ মার্চ) ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে। আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) লাগু হওয়ার পর অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি কীভাবে সম্ভব তার প্রতিবাদে প্রশ্ন তোলা হবে। ইন্ডিয়া জোটে তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করবেন রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং নাদিমুল হক।
কেজরিওয়ালের গ্রেফতারিতে সরব মমতা, কমিশনে যাচ্ছে ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার হওয়ার পাঁচদিনের মাথায় গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। গ্রেফতারির প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকেই উত্তপ্ত দিল্লি। কলকাতাতেও বিক্ষোভ দেখা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোটের শরিকদলের নেতারা বিজেপির সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন।



