নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যে সেমিফাইনাল। বছরের শেষেই হবে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের দিন ঘোষণার দুদিনের মাথায় রাজস্থানে দিন বদল করল কমিশন। বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের অনুরোধে মরুরাজ্যে পিছিয়ে গেল ভোট, কেন জানেন?
আরও পড়ুন: ‘আদালত অবমাননার মামলা করছেন না কেন?’ রক্ষাকবচ মামলায় রুজিরাকে প্রশ্ন হাইকোর্টের
গত সোমবার জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার ঘোষণা করেছিলেন, আগামী মাস অর্থাৎ নভেম্বরের ৭ তারিখ থেকে পাঁচ রাজ্যে ভোট গ্রহণ শুরু হবে। ছত্তিসগড়ে দু দফায় এবং রাজস্থান, মিজোরাম, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানায় একদফায় ভোট হবে। মরুরাজ্যে ভোট হওয়ার কথা ছিল ২৩ নভেম্বর। কিন্তু জানা গিয়েছে, ওই সময় রাজস্থানে চলবে বিয়ের মরশুম। ২৩ তারিখেই প্রচুর বিয়ে রয়েছে। তাই ওইদিন ভোট হলে বহু মানুষ সমস্যায় পড়বে। তাই সেই কথা মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনগুলি ভোটের দিন পরিবর্তন করার অনুরোধ করেছিল। আবেদনে সাড়া দিয়ে তারিখ পিছিয়ে আনা হয়।

পশ্চিম ভারতের এই রাজ্যের ভোটের দিন বদল নিয়ে বুধবার (১১ অক্টোবর) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। ২৩ নভেম্বর সে রাজ্যে এত বিয়ের দিন স্থির হয়ে রয়েছে, যার জেরে তাঁরা সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। কমিশনকে জানানো হয়, ওইদিনে ৫০ হাজার বিয়ে স্থির হয়েছে, আবেদনকারীদের মধ্যে ছিলেন বিজেপি সাংসদ পিপি চৌধুরীও। অবশেষে ভোটের তারিখ পিছিয়ে আনল কমিশন।

উল্লেখ্য, রাজস্থান বিধানসভা নির্বাচনে মোট আসন সংখ্যা ২০০। গতবার বিজেপির হাত থেকে শাসনভার ছিনিয়ে নিয়েছিল কংগ্রেস। আগামী লোকসভার আগে ফের একবার ক্ষমতা ধরে রাখতে মরিয়া হাত শিবির। অন্যদিকে মরুরাজ্যের গদি দখলে নিতে কমতি রাখছেন বিজেপিও। নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ২৪-এর ফাইনালের আগে সেমি ফাইনালে ভালো ফল করতে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি।
নির্ঘণ্ট ঘোষণার দুদিনের মাথায় রাজস্থানে বদলে গেল ভোটের তারিখ, কারণ জানলে অবাক হবেন




