বিবেকানন্দ মেরিট স্কলারশিপ নিয়ে ফের বড় ঘোষণা রাজ্যে। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অথচ মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতেই এই প্রকল্পে মাসিক ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। নবনির্বাচিত রাজ্য সরকারও এই স্কলারশিপ চালু রাখার আশ্বাস দিয়েছে।
দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে ‘স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ’ পড়ুয়াদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গবেষণার স্তর পর্যন্ত বহু ছাত্রছাত্রী এই প্রকল্পের সুবিধা পান। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে যায় বলেই দাবি প্রশাসনের।


এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর, পলিটেকনিক, পেশাদারি কোর্স এবং গবেষণার সঙ্গে যুক্ত পড়ুয়ারা। স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করলেই আবেদন করার সুযোগ মিলবে।
তবে আবেদনকারীদের নির্দিষ্ট কিছু যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। যে স্তরের পড়াশোনার জন্য আবেদন করা হবে, তার আগের পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি পরিবারের বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হওয়া বাধ্যতামূলক।
বিভিন্ন কোর্স অনুযায়ী বৃত্তির পরিমাণও আলাদা। উচ্চ মাধ্যমিক ও ডিএলএড পড়ুয়ারা প্রতি মাসে ১,০০০ টাকা পাবেন। পলিটেকনিক পড়ুয়াদের জন্য রয়েছে মাসিক ১,৫০০ টাকা সহায়তা।


বিজ্ঞান বিভাগের স্নাতক এবং বিভিন্ন পেশাদারি কোর্সের ছাত্রছাত্রীরা মাসে ১,৫০০ টাকা বা বছরে ১৮ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। কলা ও বাণিজ্য বিভাগের পড়ুয়ারা বছরে ১২ হাজার টাকা পর্যন্ত পাবেন।
স্নাতকোত্তর স্তরে কলা ও বাণিজ্য বিভাগের পড়ুয়ারা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাবেন। বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পড়ুয়ারা পাবেন মাসে ২,৫০০ টাকা।
এছাড়াও মেডিক্যাল, নার্সিং, ফার্মেসি, বিএড, আইআইটি ইঞ্জিনিয়ারিং এবং পিএইচডি স্তরের পড়ুয়ারাও এই প্রকল্পের আওতায় আসবেন। বিশেষ করে মেডিক্যাল পড়ুয়ারা মাসিক ৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।
আবেদনের জন্য প্রয়োজন হবে মাধ্যমিক ও পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট, ভর্তি রসিদ, আয়ের শংসাপত্র, আধার বা ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, পাসপোর্ট সাইজ ছবি এবং সক্রিয় মোবাইল নম্বর ও ইমেল আইডি।
আবেদন করতে হলে পড়ুয়াদের অফিসিয়াল ওয়েবসাইট https://svmcm.wb.gov.in/ -এ গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগ-ইন করে প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করতে হবে। পুরো আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে।
উচ্চশিক্ষার খরচ সামলাতে সমস্যায় পড়া বহু মেধাবী পড়ুয়ার কাছে এই স্কলারশিপ এখনও বড় ভরসা। নতুন শিক্ষাবর্ষে তাই বিবেকানন্দ মেরিট স্কলারশিপ নিয়ে আগ্রহ বাড়ছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যেও।



