মাইলস্টোন নয়, মা-ই এখন বিরাটের প্রেরণা, ম্যাচ সেরা হলেই তাঁকে বিশেষ উপহার দেন কিং

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচজেতানো ইনিংসের পর আবেগী বিরাট কোহলি। মাইলস্টোন নয়, টিমের জয়ই তাঁর কাছে আসল—ভাঙলেন শচীন, সঙ্গকারার একাধিক নজির।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একটা সময় যাঁকে ডাকা হত ‘অ্যাংরি ইয়ং ম্যান’, আজ তিনি যেন সম্পূর্ণ আলাদা—নির্বিকার, সংযত, দলমুখী। ব্যক্তিগত মাইলস্টোন, ম্যাচ সেরার ট্রফি—এসব নিয়ে আর ভাবেন না বিরাট কোহলি। পুরস্কারগুলো যত্ন করে পাঠিয়ে দেন মায়ের কাছে। বরোদায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচজেতানো ইনিংসের পর আবেগে ভিজে ওঠা কোহলির কথাতেই ধরা পড়ল—রেকর্ডের চেয়েও তাঁর কাছে আজ বড় টিমের জয়।

বরোদায় কিউয়িদের বিরুদ্ধে ৯৩ রানের ইনিংস খেলেন কোহলি। সেঞ্চুরি অল্পের জন্য হাতছাড়া হলেও ম্যাচ সেরার পুরস্কার উঠল তাঁর হাতেই। পুরস্কার বিতরণীতে তিনি বলেন, “সত্যি বলতে কী, কতগুলো ম্যাচ সেরার পুরস্কার পেয়েছি, সেটা মনে নেই। ট্রফিগুলো গুরগাঁওতে মায়ের কাছে পাঠিয়ে দিই। মা খুব ভালোবাসে এগুলো, যত্ন করে রেখে দেয়।”

এই ম্যাচেই আরও এক ঐতিহাসিক অধ্যায় যোগ হয় কোহলির কেরিয়ারে। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে তিনি টপকে যান কুমার সঙ্গকারা-কে। কোহলির আন্তর্জাতিক রান এখন ২৮,০৬৮। পাশাপাশি, ‘গুরু’ শচীন তেণ্ডুলকর-এর দ্রুততম ২৮ হাজার রানের রেকর্ডও ভেঙে দেন তিনি—শচীনের থেকে ২০ ইনিংস কম খেলে এই মাইলস্টোনে পৌঁছন কোহলি।

মাইলস্টোন নয়, মা-ই এখন বিরাটের প্রেরণা, ম্যাচ সেরা হলেই তাঁকে বিশেষ উপহার দেন কিং
মা-ই এখন বিরাটের প্রেরণা

নিজের যাত্রাপথ ফিরে দেখে কোহলির উপলব্ধি, “পুরো জার্নিটা এখন মনে হলে স্বপ্নপূরণের মতো লাগে। নিজের ক্ষমতা জানতাম, এটাও জানতাম এই পর্যায়ে পৌঁছতে কঠোর পরিশ্রম দরকার। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।”

সেঞ্চুরি মিস নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গিও স্পষ্ট। কোহলি বলেন, “আমি মাইলস্টোন নিয়ে ভাবি না। টার্গেট চেজ করলে পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে হয়। দলকে এমন জায়গায় নিয়ে যেতে চাইছিলাম, যেখান থেকে সহজে জেতা যায়।”

এখানেই তিনি স্মরণ করেন প্রাক্তন অধিনায়ক এম এস ধোনি-কে। কোহলির কথায়, “রান তাড়ার অভিজ্ঞতা কাজে লেগেছে। এমএসকে বহুবার এটা করতে দেখেছি—আমি জানতাম আমাকে কী করতে হবে।”

রবিবার যেন কোহলির জন্যই লেখা ছিল রেকর্ডের দিনপঞ্জি। ৩০৯তম ওয়ানডে খেলতে নেমে তিনি ভেঙে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়-এর ভারতের হয়ে ৩০৮ ওয়ানডে খেলার নজির। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকতার এই অধ্যায়েই স্পষ্ট—বিরাট এখন আর রেকর্ডের পিছনে ছোটেন না, রেকর্ডই তাঁর পিছু নেয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর