উত্তম কুমারের জন্মশতবর্ষে বাংলায় মোদীর শ্রদ্ধার্ঘ্য, মহানায়কের মূর্তিতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

উত্তম কুমারের জন্মশতবর্ষে বাংলায় বিশেষ পোস্ট নরেন্দ্র মোদীর। ‘সপ্তপদী’র দৃশ্য দিয়ে মহানায়ককে স্মরণ করলেন প্রধানমন্ত্রী। টালিগঞ্জে মূর্তিতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলা ও বাঙালির মনন, সংস্কৃতি এবং সিনেমার ইতিহাসে উত্তম কুমারের (Uttam Kumar) জায়গা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাঁর হাসি, চাহনি, ব্যক্তিত্ব, পোশাক এবং পর্দায় গাম্ভীর্যপূর্ণ উপস্থিতি আজও বাঙালির সাংস্কৃতিক স্মৃতির অবিচ্ছেদ্য অংশ। সেই চিরন্তন ‘ম্যাটিনি আইডল’-এর জন্মশতবর্ষে বিশেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে বাংলায় বিশেষ পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেখানে ‘সপ্তপদী’ ছবির জনপ্রিয় ‘এই পথ যদি না শেষ হয়’ গানের দৃশ্যের মাধ্যমে মহানায়ককে স্মরণ করেন তিনি। পোস্টে মোদী উল্লেখ করেন, উত্তম কুমার এমন এক কিংবদন্তি, যাঁর কালজয়ী কাজের সঙ্গে প্রজন্মের পর প্রজন্ম নিজেদের একাত্ম করতে পেরেছে।

প্রধানমন্ত্রী লেখেন, মহানায়কের জন্মশতবার্ষিকীতে তিনি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। পাশাপাশি গত রবিবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে উত্তম কুমারকে নিয়ে তিনি যে কথা বলেছিলেন, সেই বক্তব্যও ফের ভাগ করে নেন মোদী।

‘মন কি বাত’-এ উত্তম কুমারের অভিনয়জীবনের অবদানের কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য ছিল, সিনেপ্রেমীরা কখনও উত্তম কুমারের অবদান ভুলবেন না। দর্শকের মনের মণিকোঠায় তিনি আজও রয়েছেন। সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবিতে উত্তম কুমারের অভিনয় প্রসঙ্গেও বিশেষভাবে উল্লেখ করেন মোদী।

প্রধানমন্ত্রী বলেন, অনেকের মতে, উত্তম কুমারের অভিনয়ই ‘নায়ক’ ছবিকে বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছিল। সত্যজিৎ রায়ও মনে করতেন, অভিনয় দক্ষতার পাশাপাশি উত্তম কুমারের চরিত্রের গভীরতাই তাঁকে এত বড় শিল্পী করে তুলেছিল। যে কোনও চরিত্রকে জীবন্ত ও বিশ্বাসযোগ্য করে তুলতে তাঁর কঠোর পরিশ্রমের কোনও বিকল্প ছিল না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এদিকে, জন্মশতবর্ষের বিশেষ দিনে টালিগঞ্জে উত্তম কুমারের মূর্তিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ আয়োজিত অনুষ্ঠানে টলিউডের একাধিক বিশিষ্ট শিল্পীও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), দেব (Dev), জিৎ (Jeet), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), পাপিয়া অধিকারী (Papiya Adhikari), গৌতম ঘোষ (Goutam Ghose)-সহ চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তিত্ব।

উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই বিশেষ দিনে মহানায়ক উত্তম কুমার প্রাতঃস্মরণীয়। পৃথিবীতে তাঁর আগমনের একশো বছর পূর্ণ হওয়াকে কেন্দ্র করেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন।

মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ সরকার, কর্পোরেশন, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর, উপদেষ্টা কমিটির সদস্য এবং চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত বহু মানুষ এই আয়োজনে উপস্থিত ছিলেন। উত্তম কুমারের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করে তাঁর প্রতি সম্মান জানানো হয়।

একদিকে প্রধানমন্ত্রীর বাংলায় লেখা শ্রদ্ধার্ঘ্য, অন্যদিকে টালিগঞ্জে মুখ্যমন্ত্রী ও টলিউডের তারকাদের উপস্থিতি—জন্মশতবর্ষের দিনে ফের একবার স্পষ্ট হল বাংলা সিনেমা ও বাঙালির সাংস্কৃতিক চেতনায় উত্তম কুমারের অমলিন প্রভাব। পর্দার মহানায়ক একশো বছর পেরিয়েও যে একইভাবে প্রাসঙ্গিক, জন্মশতবর্ষের আয়োজনেই তার প্রমাণ মিলল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন