নজরবন্দি ব্যুরো: সম্প্রতি কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর “Intangible Cultural Heritage of Humanity” তকমা লাভ করেছে। আর এই প্রাপ্তিকে উদযাপন করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আজ, ১ সেপ্টেম্বর জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রেড রোড অবধি আয়োজন করা হয়েছে বিরাট মিছিল এবং কার্নিভালের।
আরও পড়ুন: রোমের ভ্যাটিকান সিটি দেখতে যেতে হবে শ্রীভূমি, মহালয়াতেই খুলছে দরজা


সারাবছরের অপেক্ষা শেষ হবে আর ৩০ দিন পরেই। আজ মহামিছিল শুরু হবে বেলা ২টোয়। জোড়াসাঁকো থেকে শুরু হবে এই মিছিল। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে কলেজ স্ট্রিট, কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি রোড হয়ে মিছিল পৌঁছবে রেড রোডে। অর্থাৎ মোট সাতটি ওয়ার্ডের মধ্যে দিয়ে এগিয়ে যাবে শোভাযাত্রা। তাই এই এলাকায় কয়েক ঘণ্টা নিয়ন্ত্রণ করা হবে যানচলাচল।

লালবাজার সূত্রে খবর, উত্তর কলকাতা থেকে ধর্মতলাগামী বাস এবং মিনিবাসগুলি শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হবে। বাসগুলি এপিসি রোড হয়ে শিয়ালদা, মৌলালি রোডে উঠবে। উত্তর কলকাতার দিকে যেতে হলে বেন্টিঙ্ক স্ট্রিট, রবীন্দ্র সরণী, স্ট্র্যান্ড রোড হয়ে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। হাওড়াগামী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে স্ট্র্যান্ড রোডের দিকে। এদিন সকাল থেকে বন্ধ রাখা হচ্ছে রেড রোড।
নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে শহরকে। পদযাত্রায় মোতায়েন হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। দু’টি ভাগে ভাগ হয়ে তাঁরা পদযাত্রার সময় নিরাপত্তার দায়িত্বে থাকবে। লালবাজার সূত্রে খবর, রেড রোড চত্বরকে মোট ১০টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেক সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ডিসি পদমর্যাদার অফিসার। গিরিশ পার্ক থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১২ পুলিশ আধিকারিক। এছাড়াও ৫৫টি পুলিশ পিকেট বসানো হয়েছে।



পুজোর ঢাকে পড়ল কাঠি, ইউনেস্কোকে সন্মান জানাতে আজ ২টো থেকে হাঁটবে মহানগর

আজ দুপুর ১টা থেকে ৪টে পর্যন্ত বন্ধ থাকবে সেন্ট্রাল অ্যাভিনিউ। শিয়ালদাগামী বাস এজেসি বোস রোড বা এপিসি রোড ধরবে। হাওড়া যেতে হলে ধরতে হবে স্ট্র্যান্ড রোড। সকাল ১০টা থেকে ৩টে পর্যন্ত কলকাতার দিকে ছোট গাড়ি যাবে শ্যামবাজার পাঁচমাথার মোড়-এ পি সি রোড-এ জে সি বসু রোড-এবং বিধান সরণি-বিবেকানন্দ রোড-আমহার্স্ট স্ট্রিট ধরে এবং বেলা ১১টা থেকে ৩টে পর্যন্ত ছোট গাড়ি যাবে কলুটোলা স্ট্রিট-কলেজ স্ট্রিট, এসপ্ল্যানেড-বেন্টিঙ্ক স্ট্রিট-রবীন্দ্র সরণি-লেনিন সরণি-এ পি সি রোড হয়ে।







