নজরবন্দি, মালদা: মহারাষ্ট্রের পর এবার মিজোরামে নির্মীয়মাণ রেলসেতু ভেঙে মৃত্যু হল মালদার ১৭ জন শ্রমিকের। প্রশাসন সূত্রের খবর, নিহত ১৭ জনই মালদা জেলার পুখুরিয়া থানা এলাকার বাসিন্দা। এর মধ্যে কাকলামারির চৌদুয়ার গ্রামের রয়েছেন ১১ জন। বাকি ৬ জনও নিকটবর্তী গ্রামেরই। পেটের দায়ে কাজে বেরিয়ে অকালমৃত্যু হল তাঁদের।
আরও পড়ুন: ভোট কিনতে পুজোর অনুদান বাড়ালেন মুখ্যমন্ত্রী? সমালোচনায় সরব বিজেপি কংগ্রেস
জানা গিয়েছে, সকলেই মিজোরামে রেলসেতুর কাজে গিয়েছিলেন। মালদা জেলা প্রশাসনের তরফে এ বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। নিহতদের পরিবারের খোঁজ চলছে। ইতিমধ্যেই চৌদুয়ার গ্রামে পৌঁছে গিয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। গ্রামে এখন শোকের ছায়া।

বুধবার সকালে মিজোরামের সাইরাং এলাকায় নির্মীয়মাণ রেলসেতু ভেঙে পড়ে। আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে সাইরাংয়ে এদিন সেতুর কাজ করছিলেন ৩৫-৪০ জন শ্রমিক। সকাল ১০টা নাগাদ আচমকাই সেতুটি ভেঙে শ্রমিকদের নিয়ে নীচে খাদে পড়ে যায়। এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে।
তবে মিজোরাম পুলিশের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকাজ চলছে। সেখানকার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে ১৭টি দেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই এখনও নিখোঁজ।

আইজলে ব্রিজ-বিপর্যয় নিয়ে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটে লিখেছেন, “আজ মিজোরামে একটি নির্মিয়মান রেলওয়ে সেতুর মর্মান্তিক পতনের বিষয়ে জানতে পেরে আমি শোকস্তব্ধ। এর ফলে আমাদের মালদা জেলার কয়েকজন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। আমি মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছি মিজোরাম প্রশাসনের সঙ্গে উদ্ধার অভিযানে সহায়তা করতে। মালদা জেলা প্রশাসনকে সমস্ত সম্ভাব্য সাহায্যের জন্য শোকাহত পরিবারগুলির কাছে পৌঁছানোর জন্য বলা হয়েছে”।
Shocked to learn about the tragic collapse today of an under-construction railway bridge in Mizoram, leading to loss of lives of several site workers, including some belonging to our Malda district. Have instructed my chief secretary to coordinate with Mizoram administration at…
— Mamata Banerjee (@MamataOfficial) August 23, 2023
পেটের দায়ে কাজে বেরিয়ে অকালমৃত্যু, মালদায় এখন শুধুই নিঃস্ব পরিবারের হাহাকার ধ্বনি




