শনিবার আচমকা ইস্তফা দিয়েছেন নির্বাচন কমিশনার (Election Commissioner) অরুণ গোয়েল। ইস্তফা দেওয়ার পর চব্বিশ ঘণ্টা কেটে গেলেও তার স্বেচ্ছাবসরের কারণ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। অন্যদিকে, গত ১৪ ফেব্রুয়ারি আর এক নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে ৬৫ বছর বয়সে অবসর নেন। এবার এই দুই শূন্য পদে নির্বাচন কমিশনার নিয়োগ করল কমিশন।
আরও পড়ুন: প্রথমবার যাদবপুর থেকে সরছেন, দমদমে সৌগতর বিরুদ্ধে বামেদের বাজি সুজন!
জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর, সুখবীর সিংহ সান্ধু এবং জ্ঞানেশ কুমারকে নতুন নির্বাচন কমিশনার পদে নিয়োগ করা হল। নিয়োগ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রাথমিকভাবে জটিলতা তৈরি হলেও আপাতত শূন্য দুই পদে কমিশনার নিয়োগ সম্পন্ন হল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবার খুব শীঘ্রই ঘোষণা হয়ে যাবে লোকসভা নির্বাচনের সূচি।

শূন্য দুই পদে নির্বাচন কমিশনার নিয়োগ সম্পন্ন, লোকসভার দিন ঘোষণা কবে?
গত লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশিত হয় ১০ মার্চ। সাত দফার ভোট প্রক্রিয়ার প্রথম দফার ভোট গ্রহণ হয় ১১ এপ্রিল। শেষ দফার ভোট হয় ১৯ মে। ফলপ্রকাশ হয় ২৩ মে। আর এবার কথা ছিল, ১৩-১৫ মার্চের মধ্যে ভোটের নির্ঘন্ট প্রকাশ হবে। এখন কবে ভোটের দিনক্ষণ ঘোষণা হয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।




