লোকসভায় ৪২ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। ২০ আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপিও। তবে, এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি সিপিআইএম এবং কংগ্রেস। সূত্রের খবর, বৃহস্পতিবার ১০-১২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বামেরা। আর সেই তালিকায় রয়েছে একাধিক চমক!
আরও পড়ুন: CAA-এর পর এবার চালু ‘এক দেশ এক ভোট’? রিপোর্ট চলে গেল রাষ্ট্রপতির কাছে


আলিমুদ্দিন সূত্রে খবর, দমদম কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী হতে পারেন বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী। সেক্ষেত্রে প্রথমবার যাদবপুর কেন্দ্রের বাইরে বেরোবেন তিনি। দমদমে তৃণমূলের প্রার্থী সৌগত রায়। সুজন ও সৌগত দু’জনেই প্রবীন নেতা। সুবক্তা। সংসদে বক্তৃতা করার অভিজ্ঞতাও রয়েছে। ফলে, দমদমে সুজন চক্রবর্তী প্রার্থী হলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত।

২০০৪ সালে যাদবপুর কেন্দ্র থেকেই জিতে সাংসদ হন সুজন চক্রবর্তী। যদিও ২০০৯ সালে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে প্রার্থী করে বামেরা। বিপরীতে তৃণমূলের প্রার্থী ছিলেন গায়ক কবীর সুমন। তাঁর কাছে হেরে যান বিকাশ। এরপর কিন্তু ক্রমাগত যাদবপুর কেন্দ্রে প্রার্থী বদল করে আসছে তৃণমূল।



২০১৪ সালে যাদবপুরের প্রার্থী হন সুগত বসু এবং এরপর ২০১৯ সালে মিমি চক্রবর্তী। এবার আবার সেখানে সায়নী ঘোষকে টিকিট দিয়েছে ঘাসফুল শিবির। আলিমুদ্দিন সূত্রে খবর, এবারের লোকসভায় যাদবপুরের প্রার্থী হতে পারেন এসএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। ডায়মন্ড হারবার থেকে টিকিট পেতে পারেন আর এক প্রাক্তন রাজ্য সম্পাদক প্রতীক-উর-রহমান।
প্রথমবার যাদবপুর থেকে সরছেন, দমদমে সৌগতর বিরুদ্ধে বামেদের বাজি সুজন!

দমদমে প্রার্থী হতে পারেন সুজন চক্রবর্তী। ২০১৯ সালে সেখানে বামেদের প্রার্থী ছিলেন নেপালদেব ভট্টাচার্য। তিনিও সৌগত রায়ের কাছে হেরে যান। এবারের লোকসভার আগে রাজনৈতিক ময়দান থেকে অবসরের জল্পনা উস্কে দেন তৃণমূল সাংসদ। যদিও তাঁকেই টিকিট দিয়েছে তৃণমূল। এবার কি সুজন চক্রবর্তী পারবেন সৌগত রায়কে হারিয়ে দমদমের সাংসদ হবেন? রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা!







