নজরবন্দি ব্যুরোঃ ভোট মুখি রাজ্যে রাড়ছে রাজনৈতিক হিংসা। ভাঙচুর, গুলি, বোমার ঘটনা লেগেই আছে। প্রচারে বেড়িয়ে আক্রান্ত হচ্ছেন প্রার্থীরা। আবার কোথাও কোন দলের কর্মী বা সমর্থক হওয়ার কারণে অন্য দলের দ্বারা আক্রান্ত হতে হচ্ছে। আবার কোন জায়গায় শোনা যাচ্ছে, নিজের পছন্দের দলকে ভোট দেওয়ার মাশুল গুনতে হয়েছে প্রাণ দিয়ে।
এবার মিনাখাঁয় গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী বারিক মোল্লা। গুরুতর জখম অবস্থায় তাকে কলকাতার এনআরএস হাসপাতালে ভরতি করা হয়েছে। সূত্রের খবর, বারিক মোল্লার পায়ে ও পাঁজরে গুলি করা হয়েছে। অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা। সোমবার সন্দেহভাজন তিন আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের এখনও পর্যন্ত কোন হদিস মেলেনি। তল্লাশি চলছে। স্থানীয়রা জানিয়েছেন, বেশকিছু দিন ধরেই বাড়ি ছাড়া ছিলেন বারিক মোল্লা।
মাত্র দু’দিন আগেই তিনি নিজের বাড়িতে ফিরেছেন। গতকাল রবিবার রাতে তাঁর বাড়িতে চড়াও হয় কিছু দুষ্কৃতী। জানা গিয়েছে, বারিক ও তার বাড়ি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোঁড়া হয়। পুলিশ সূত্রে খবর, খুব কাছে থেকে তাঁকে গুলি করা হয়েছে। তার পায়ে ও পাঁজরে গুলি লাগেছে। আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার হাসপাতালে রেফার করা হয় তাকে।
শুরুতে তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, এই ঘটনার পিছনে দুষ্কৃতীদের যোগ রয়েছে। কিন্তু পরে সিপিএমের জোট সঙ্গী আইএসএফের কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে তৃণমূল। সংযুক্ত মোর্চা দাবি, এই ঘটনার সাথে আইএসএফ-এর কোন যোগ নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে।



