আজ তৃতীয়া। আজও বৃষ্টির সম্ভাবনা বাংলা জুড়ে। কিছুটা শক্তি হারিয়েছে নিম্নচাপ। তবে এখনও সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এ ছাড়াও জোড়া ঘূর্ণাবর্তর প্রভাব পড়বে বাঙালির সাধের দুর্গোৎসবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর দিকে বিরাজমান একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধপ্রদেশ উপকূল এলাকায়। এই দুই ঘুর্ণাবর্তের প্রভাবে ব্যাপক বৃষ্টি হতে পারে উত্তর বঙ্গ এবং দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায়।
পুজোর আসরে জল ঢালবে জোড়া ঘূর্ণাবর্ত, বৃষ্টির সম্ভাবনা বাংলা জুড়ে

আজ সারাদিন দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ছাড়া আরও চারটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি বাড়বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। অন্য কোন জেলার জন্যে সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।
উত্তরবঙ্গে আজকেও বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে আজ। উত্তরের বাকি জেলাতে গুলিতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে আর কোথাও সতর্কতা জারি করা হয়নি।
সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। সোম থেকে শুক্র ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। কোনও কোনও জেলার দু- এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মূলত জোড়া ঘুর্ণাবর্তের প্রভাবেই হবে বৃষ্টি। ঘুর্ণাবর্তের ফলে বঙ্গোপসাগরের দিক থেকে এখনও কিছুটা জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তার প্রভাবেই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, জানিয়েছেন আবহবিদেরা।
গতকাল থেকে মুষলধারে বৃষ্টির কারনে শহরের তাপমাত্রা কিছুটা কমেছে। ভোরের দিকে বেশ শীত অনুভূত হয়েছে। আজ, ৬ অক্টোবর রবিবার, সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি কম। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি কম।



