নজরবন্দি ব্যুরো: যুব তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাস্তা থেকেই তরুণীকে জোর করে নিজের গাড়িতে তোলে ধৃত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পাণ্ডুয়ায়। দলের তরফে ধৃত যুব তৃণমূল নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
আরও পড়ুন: নকল বিলেতি মদের কারখান দক্ষিণ দিনাজপুরে, হানা আবগারি দফতরের


জানা গিয়েছে, নির্যাতিতা তরুণীর বাড়ি জয়পুর এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম শেখ মোমিন হোসেন। পাণ্ডুয়ার যুব তৃণমূল নেতা তিনি। অভিযোগ, শনিবার অর্থাৎ গতকাল রাতে পাণ্ডুয়ার জয়পুরের জিটি রোডের ধার থেকে এক তরুণীকে জোর করে নিজের গাড়িতে তুলে চম্পট দেন অভিযুক্ত মোমিন। সিমলাগড়ে গাড়ি দাঁড় করিয়ে তরুণীর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। নির্যাতিতার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে এবং তাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তরুণীর দাদুর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শেখ মোমিন হোসেনকে গ্রেফতার করেছে পাণ্ডুয়া থানার পুলিশ।

সূত্রে খবর, পাণ্ডুয়ার কোটালপুকুর এলাকার তৃণমূল যুব নেতা সেখ মোমিনকে গ্রেফতার করে পুলিশ। তাঁর গাড়িটিও আটক করা হয়েছে। তরুণীর দাদু বলেন, ‘‘আমি বাড়িতে ছিলাম। পাড়ার একটি ছেলে এসে বলল দ্রুত থানায় যেতে। থানায় গিয়ে দেখি, নাতনি বসে আছে। ঘটনা শুনে অফিসারকে বললাম, যা করলে ভাল হয়, করুন।”



এই ঘটনায় পাণ্ডুয়ার প্রাক্তন সিপিএম বিধায়ক আমজাদ হোসেন বলেন, ‘‘তৃণমূলের যুব নেতা তরুণীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিলেন বলে শুনেছি। এলাকার লোকজন তরুণীকে উদ্ধার করেছেন। তৃণমূলের লোকেরা সারা রাত চেষ্টা করেছেন, যাতে মেয়েটির পরিবার অভিযোগ করা থেকে বিরত তাকে। কিন্তু শেষ পর্যন্ত পারেনি। তরুণীর পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত নেতাকে গ্রেফতারও করেছে।”
গাড়িতে তুলে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ, ধৃত যুব তৃণমূল নেতা, বহিষ্কারের সিদ্ধান্ত দলের








