১২৫ বনাম ১১০ দাবির ভিড়ে বাস্তবের অঙ্ক কী বলছে? ১৫২ আসনে কে কত? এক্সিট পোল নয়, সম্পাদকীয় পর্যবেক্ষণ

প্রথম দফার ১৫২ আসনে তৃণমূলের ‘১২৫+’ ও বিজেপির ‘১১০+’ দাবির মাঝে মাঠের বাস্তব ইঙ্গিত দিচ্ছে কাছাকাছি লড়াই, যেখানে এগিয়ে থাকলেও নিশ্চিত নয় কোনও পক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অর্ক সানা – (সম্পাদক, নজরবন্দি): প্রথম দফার ভোট মিটতেই সংখ্যার লড়াইয়ে নেমে পড়েছে দুই প্রধান শিবির—একদিকে তৃণমূলের ‘১২৫+’, অন্যদিকে বিজেপির ‘১১০+’। কিন্তু এই দাবির ভিড়ে প্রকৃত চিত্র কী? ভোটের শতাংশ, মাঠের ইঙ্গিত এবং রাজনৈতিক প্রবণতা মিলিয়ে প্রাথমিক পর্যবেক্ষণ বলছে, লড়াইটা একতরফা নয়—বরং অনেক বেশি জটিল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

বৃহস্পতিবার ১৫২টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে নজিরবিহীন অংশগ্রহণের মধ্যে দিয়ে। ৯২ শতাংশের বেশি ভোট পড়া—এই তথ্যই ইঙ্গিত দিচ্ছে ভোটারদের প্রবল আগ্রহ ও সক্রিয়তার। এর পরেই দিল্লি থেকে কলকাতা—রাজনৈতিক বক্তব্যে ছড়িয়েছে আত্মবিশ্বাসের ঝড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, এই পর্বে বিজেপি ১১০-র বেশি আসনে এগিয়ে। তাঁর বক্তব্য, বিশদ বিশ্লেষণের ভিত্তিতেই এই সংখ্যা সামনে আনা হয়েছে এবং বিজেপি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। শুভেন্দু অধিকারী অমিত শাহকেও ছাপিয়ে গিয়েছেন। তাঁর মতে বিজেপি ১২৫ পেয়েই গিয়েছে!

অন্যদিকে তৃণমূল নেতৃত্বের সুর সম্পূর্ণ উল্টো। কুণাল ঘোষ ও ব্রাত্য বসুর দাবি, প্রথম দফাতেই অন্তত ১২৫টি আসন নিশ্চিত—এবং তা ১৩৫-এ পৌঁছনোর সম্ভাবনাও রয়েছে। তাঁদের যুক্তি, উচ্চ ভোটদানের হার শাসকদলের পক্ষে গিয়েছে, বিশেষ করে মহিলা ভোটারদের অংশগ্রহণ বড় ভূমিকা নিয়েছে।

এই দুই বিপরীতমুখী দাবির মাঝখানে দাঁড়িয়ে প্রশ্নটা স্বাভাবিক—আসলে কে কতটা এগিয়ে? এখানে স্পষ্ট করে বলা প্রয়োজন, এটি কোনও এক্সিট পোল নয়, বরং মাঠের অভিজ্ঞতা, ভোটের ট্রেন্ড, বুথভিত্তিক গতিবিধি এবং রাজনৈতিক মেজাজের উপর ভিত্তি করে একটি সাধারণ পর্যবেক্ষণ মাত্র।

আমার মূল্যায়ন অনুযায়ী, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে থাকতে পারে আনুমানিক ৭৯ থেকে ৮৩টি আসনে। বিজেপির ঝুলিতে যেতে পারে ৬১ থেকে ৬৪টি আসন। কংগ্রেস ও অন্যান্য দল মিলিয়ে থাকতে পারে ৩ থেকে ৫টি আসনের মধ্যে। অর্থাৎ, তৃণমূলের এগিয়ে থাকা সত্ত্বেও বিজেপি লড়াইয়ে রয়েছে যথেষ্ট শক্ত অবস্থানে—যা পরবর্তী দফাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে।

উচ্চ ভোটদানের হারকে কেন্দ্র করে যে প্রচলিত ধারণা—তা সবসময় ‘অ্যান্টি-ইনকামবেন্সি’ নির্দেশ করে না। বরং অনেক ক্ষেত্রে তা সংগঠিত ভোটব্যাঙ্কের সক্রিয়তার ফলও হতে পারে। এই নির্বাচনে সেই দ্বৈত চিত্রই স্পষ্ট। দক্ষিণবঙ্গের পরবর্তী দফাগুলি—যেখানে তৃণমূল ঐতিহ্যগতভাবে শক্তিশালী—সেখানেই নির্ধারিত হতে পারে চূড়ান্ত সমীকরণ।

রাজনীতিতে সংখ্যা শুধু অঙ্ক নয়, বার্তাও। আর এই মুহূর্তে সেই বার্তা স্পষ্ট—বাংলার ভোট এখনও খোলা খেলাই রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর