নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে ভাঙড়ে অশান্তির ছবি সামনে এসেছে। প্রাণ গিয়েছে একাধিকের। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। বাংলার রাজ্যপাল নিজে ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন। শাসক দলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। শনিবার এক কর্মসূচিতে যোগ দিতে এসে ভাঙড়ের অশান্তি নিয়ে মুখ খুললেন তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী।
আরও পড়ুন: ভোটের মুখেই রাজ্যের জন্য ১৫ হাজার কোটি বরাদ্দ কেন্দ্রের


টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ। তাঁর সংসদীয় এলাকার মধ্যেই পড়ে ভাঙড়। এদিন ডক্টরস ডে উপলক্ষে পাটুলি থানায় একটি রক্তদান শিবিরের উদ্বোধন এসেছিলেন তারকা সাংসদ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে শান্তির বার্তা দেন তিনি। মিমি বলেন, “যারা মারপিট করে, দাঙ্গা করে তাদের পাশে আমি কোনদিন ছিলাম না, থাকব না। আমি কোনওদিন মার-দাঙ্গার পক্ষে নেই। কোনওদিন থাকব না।” তিনি আরও বলেন, “যারা অশান্তিকে উৎসাহ দেয় তাঁদের পাশেও আমি কোনওদিন দাঁড়াব না। আমাদের প্রশাসন গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।”

মিমি চক্রবর্তী সাধারণ মানুষদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন। “আমি সাধারণ মানুষকে বলব একটা ভোটের জন্য এই জিনিসগুলি না করতে। সবাই সুস্থভাবে ভোট দিন। যারা কাজ করেছে, সুখ-দুঃখে আপনাদের পাশে ছিল তাঁদের ভোট দিন। আমি শান্তিপ্রিয় মানুষ। আমি সবসময় চাই সব কিছু শান্ত থাকুক।”



পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়। বোমাবাজি হয়, চলেছে গুলি। আহত হন বেশ কয়েকজন। প্রাণ যায় একাধিকের। রাজ্যপাল সিভি আনন্দ বোস উদ্বেগ প্রকাশ করে ভাঙড়ে যান। ভাঙড়ের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে দেওয়াল লিখনকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে জড়িয়ে পড়ে। পঞ্চায়েত নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি থাকলেও পরিস্থিতি উত্তেজনামূলক ভাঙড়ে।
‘আমি শান্তিপ্রিয় মানুষ, একটা ভোটের জন্য..’, ভাঙড় ইস্যুতে মুখ খুললেন সাংসদ Mimi Chakraborty








