ভোটের আগে তৃণমূলের ‘মেগা হেলথ প্ল্যান’! দুয়ারে চিকিৎসার প্রতিশ্রুতি মমতার

তৃণমূলের ইস্তেহারে ‘দুয়ারে চিকিৎসা’ পরিকল্পনা, প্রতিটি ব্লকে মেডিক্যাল ক্যাম্প করে বাড়িতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আগে জনমুখী চমক—তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে এবার সবচেয়ে বড় ঘোষণা ‘দুয়ারে চিকিৎসা’। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত ‘প্রতিজ্ঞা’ নথিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর জন্য একাধিক সামাজিক পরিষেবার প্রতিশ্রুতি দিলেও, স্বাস্থ্য পরিষেবাকে ঘরে পৌঁছে দেওয়ার পরিকল্পনাই সবচেয়ে বেশি নজর কেড়েছে।

শাসক দলের দাবি, গ্রামবাংলার মানুষ যাতে বাড়ি থেকেই প্রাথমিক চিকিৎসা পরিষেবা পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। রাজ্যের প্রতিটি ব্লকে মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হবে, যেখানে চিকিৎসা, পরীক্ষা ও প্রাথমিক ওষুধ পরিষেবা পৌঁছে দেওয়া হবে সাধারণ মানুষের কাছে।

তৃণমূল নেতৃত্বের মতে, এই পরিকল্পনা অনেকটাই ‘দুয়ারে সরকার’-এর আদলে তৈরি। ২০২১ সালের নির্বাচনের আগে চালু হওয়া সেই প্রকল্পের মাধ্যমে সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছিল। এবার সেই মডেলকে স্বাস্থ্যক্ষেত্রে প্রয়োগ করার লক্ষ্য নিয়েই এগোচ্ছে সরকার।

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এই উদ্যোগের পিছনে রয়েছে সাম্প্রতিক কিছু সফল মডেলের প্রভাবও। বিশেষ করে, ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘সেবাশ্রয়’ শিবির ব্যাপক সাড়া ফেলেছিল। পরে নন্দীগ্রামেও একই ধরনের ক্যাম্প আয়োজন করা হয়। সেই অভিজ্ঞতাকেই রাজ্যজুড়ে বিস্তৃত করার পরিকল্পনা এই ইস্তেহারে প্রতিফলিত হয়েছে।

এছাড়াও, ইস্তেহারে ‘প্রতিষ্ঠান বিরোধিতা’-র বিরুদ্ধে লড়াই এবং জনমুখী পরিষেবার উপর জোর দেওয়ার বার্তাও স্পষ্ট। ভোটে জিতলে আগামী পাঁচ বছরে কী কী কাজ করবে সরকার, তার রূপরেখাও তুলে ধরা হয়েছে ‘প্রতিজ্ঞা’-য়।

সব মিলিয়ে, স্বাস্থ্য পরিষেবাকে সরাসরি মানুষের বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই প্রতিশ্রুতি ২০২৬-এর নির্বাচনে তৃণমূলের অন্যতম বড় অস্ত্র হয়ে উঠতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন