নজরবন্দি ব্যুরোঃ মদন মিত্র মানেই বিতর্ক তো থাকবেই। সেই মতই আবারও রাজ্যের বিরোধী দলনেতার প্রতি ধেয়ে গেল ‘মদন-বাণ’। বেলঘরিয়ায় নানা ফুল, ফল, মাছ ও বিদেশি পাখির মেলার উদ্বোধন করতে গিয়ে নন্দীগ্রামের বিধায়কক শুভেন্দু অধিকারীকে বেলাগাম আক্রমণ করেন মদন মিত্র। আর সেই মন্তব্য ঘিরে শুরু হয় ঘোরতর সমালোচনা। সঙ্গে আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কামারহাটির এভার গ্রীন বিধায়ক।
আরও পড়ুনঃ মোদী সরকারের নববর্ষের উপহার, বিনামূল্যে রেশন পাবেন দেশের ৮১ কোটি মানুষ


শুক্রবার বেলঘরিয়ায় ‘বিদেশি পাখির মেলা, মাছের খেলা, সাথে ফুল ও ফলের দেখা’ মেলাটির উদ্বোধন ছিল। অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেন্দু অধিকারীকে মানসিক চিকিৎসা করানোর পরামর্শ দেন কামারহাটি বিধায়ক মদন মিত্র। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে কটাক্ষ করে তিনি বলেন, ‘কবে পঞ্চায়েত নির্বাচন, তার আগেই মেডিক্যাল ক্যাম্প তৈরি করা হয়ে গেছে। কারণ যেভাবে বিজেপি নোংরামি করছে, যা অসভ্যতামি করছে, যেভাবে শুভেন্দু নোংরা অকথ্য কথা বলছে তাতে মানুষ যে কোনও সময় আক্রান্ত হতে পারে। তাই আমরা আগে থেকেই ডাক্তারের ব্যবস্থা রাখছি।’

তিনি আরও বলেন, ‘প্রয়োজন হলে এই সমস্ত ডাক্তারেরা শুভেন্দু অধিকারীর প্রেসার মেপে দেব। কারণ তাঁর মানসিক চিকিৎসার প্রয়োজন। তিনি চিকিৎসা করাতে চাইলে আমি তাঁকে সবরকম সাহায্য করব।’ এদিকে গতকাল, শুক্রবার রাণাঘাটের এক সভা থেকে শুভেন্দু বলেন, ‘আগেই নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি। এবার তাঁকে প্রাক্তন করে দেব।’ এতে ক্ষিপ্ত হয়ে মদন মিত্র জবাব দেন, ‘আমাদের রাজ্যের বিরোধী দলনেতা যত এই ধরনের কথা বলছেন ততই অসুবিধায় পড়ছেন। মমতাকে প্রাক্তন করতে গেলে উনি নিজেই মমি হয়ে যাবেন।’
শুভেন্দুর অভিযোগ, ২০১৮ সালের আগের নির্বাচনগুলিতে তৃণমূল ভোট লুট করে জিতেছে। এর পাল্টা দিয়ে মদন প্রশ্ন, ‘শুভেন্দু অধিকারী তো ২০১৮ সালের আগে তৃণমূলেই ছিলেন। সেই সময়ে যদি ভোট লুট করে জেতা হয় তাহলে তার দায়ভার তিনি নেবেন তো?’


মমতা প্রাক্তন হলে শুভেন্দু হবেন মিশরের মমি, লাল চোখ দেখালেন মদন

তিনি আরও কটাক্ষ করে বলেন, ‘পঞ্চায়েতে ব্যান্ডেজ খুব কাজে লাগবে। শুভেন্দু অধিকারী বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবেন। কিন্তু ও জানে না যে তা করতে গেলে নিজে মিশরের মমি হয়ে যাবে।’ পঞ্চায়েত নির্বাচনে নিজের ভূমিকা নিয়ে মদন মিত্রকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘পঞ্চায়েতে আমাকে যেখানে পাঠানো হবে, যাব। নন্দীগ্রামে যেতে চাই। কারণ, গতবার নোংরামি করে জিতেছিল শুভেন্দু। এবার আমরা সেটা হতে দেব না। কুণাল ঘোষকে দায়িত্ব দিয়েছে দল, ও ভাল কাজ করছে। তবে আমি চাই, নন্দীগ্রামে দুটো মিটিং করতে।’







